Site icon প্রিয় বন্ধু মিডিয়া

হাতে গোনা আর মাত্র ২১ দিন! জনস্বার্থ শিকেয় তুলে এখন ‘হলফনামা সংগ্রহে’ মরিয়া দুই তৃণমূল, দিল্লির লড়াইয়ে নাকাল বঙ্গ রাজনীতি!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলার সাধারণ মানুষের জ্বলন্ত সমস্যা বা বিরোধী দলের গঠনমূলক আন্দোলন—সেসব এখন অতীত! এই মুহূর্তে রাজ্য রাজনীতির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে শুধুই কাগজের খসখস শব্দ আর হলফনামায় সই করানোর তোড়জোড়। কারণ, জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া ঘড়ির কাঁটা এখন টিকটিক করে ঘুরছে। ‘জোড়াফুল’ প্রতীক এবং দলের তহবিল কার দখলে থাকবে, তার চূড়ান্ত ফয়সালার আগে হাতে রয়েছে আর মাত্র তিন সপ্তাহ। আর এই ২১ দিনের মধ্যেই নিজেদের অস্তিত্ব বাঁচাতে এখন মরিয়া ‘মমতা তৃণমূল’ এবং ‘গণতান্ত্রিক তৃণমূল’—উভয় শিবিরই।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, অতিরিক্ত হলফনামা ও সমর্থনের নথি জমা দেওয়ার জন্য গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে আর মাত্র ২ সপ্তাহ (আখরুজ্জামানের দাবি অনুযায়ী)। আর সেই নথি জমা পড়ার পর পাল্টা জবাব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির পাবে মাত্র ১ সপ্তাহ। রাজনৈতিক মহলের খবর, এই নির্ধারিত সময়ের মধ্যে জেলায় জেলায় ঘুরে বিধায়ক, সাংসদ এবং দলের পদাধিকারীদের হলফনামায় সই করাতে এখন নাওয়া-খাওয়া ভুলেছেন দুই শিবিরের নেতারাই। কিন্তু এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন—যে নেতারা কয়েক মাস আগেও একসাথে ‘মা-মাটি-মানুষ’-এর স্লোগান দিতেন, আজ তাঁরা একে অপরের বিরুদ্ধে ‘জোর করে সই করিয়ে নেওয়া’র মতো গুরুতর অভিযোগ আনছেন!

রাজনীতির কারবারিরা বলছেন, ক্ষমতা হারানোর পর একটি রাজনৈতিক দলের প্রধান কাজ হওয়া উচিত মানুষের পাশে দাঁড়িয়ে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া। কিন্তু বাংলার দুই তৃণমূল শিবির যেন ঠিক উল্টো পথে হাঁটছে। রাজপথের আন্দোলনের বদলে দুই শিবিরেরই যাবতীয় শক্তি এখন ব্যয় হচ্ছে দিল্লির নির্বাচন সদনের আইনি লড়াইয়ে। ওয়াকিবহাল মহলের মতে, দলের নাম বা ‘জোড়াফুল’ প্রতীক (যা বর্তমানে কমিশনের নির্দেশে স্থগিত রয়েছে) হারানো মানেই দলের বিপুল তহবিল এবং সাংগঠনিক সম্পত্তির ওপর অধিকার হারানো। আর সেই কারণেই আদর্শকে জলাঞ্জলি দিয়ে এখন শুরু হয়েছে নিছকই ‘সম্পদ ও প্রতীক দখলের কামড়াকামড়ি’।

আগামী দুই সপ্তাহে গণতান্ত্রিক তৃণমূল কী নথি পেশ করে এবং তার পরের এক সপ্তাহে মমতা শিবির তার কী পাল্টা জবাব দেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কিন্তু রাজনীতির অঙ্ক যাঁরা বোঝেন, তাঁদের মতে দিল্লির এই কাগজের লড়াইয়ে শেষ পর্যন্ত যে শিবিরই জিতুক না কেন, বাংলার সাধারণ মানুষের কাছে দুই তৃণমূলেরই রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা আজ এক বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে।

Exit mobile version