প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন মন্তব্য করছেন। কেউ বলছেন, তারা ২৫০ এর বেশি আসন পাবেন। আবার কেউ বলছেন, তারাই সরকার গঠন করবেন। মূল প্রতিপক্ষ হিসেবে তৃণমূল এবং বিজেপির মধ্যেই যে লড়াইটা হবে, সেই সম্পর্কে দ্বিমত নেই কারওর মধ্যেই। কিন্তু এই পরিস্থিতিতে সংখ্যালঘু ভোট, যা এত কাল তৃণমূল বেশিরভাগটাই পেয়ে এসেছে, সেখানে ফাটল ধরতে পারে বলেই মনে করা হচ্ছে। কেননা বাম, আইএসএফ এবং হুমায়ুন কবীরের নতুন দল যদি জোট গঠন করে লড়াই করে, তাহলে সংখ্যালঘুদের একটা বিরাট সমর্থন তারা পেতে পারে। আর এই পরিস্থিতিতে নতুন দল গঠন করার পর থেকেই হুমায়ুন কবীর যে মন্তব্য করে আসছেন, আজ আবার সেই কথাই বলে আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো দলই একক গরিষ্ঠ হয়ে সরকার গঠন করতে পারবে না বলেই জানিয়ে দিলেন তিনি।
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ উত্তাপ বাড়ছে বঙ্গ রাজনীতিতে। তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াইয়ে শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসে, তার দিকে তাকিয়ে রয়েছেন গোটা বাংলার মানুষ। আর এই পরিস্থিতিতে সংখ্যালঘু ভোট যে এবারের নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে, সেই সম্পর্কে কারওর মধ্যেই কোনো সংশয় নেই। আজ সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবীর যে মন্তব্য করলেন, তাতে তৃণমূল থেকে শুরু করে বিজেপি, সব দলের মধ্যেই যে একটা চর্চা শুরু হবে, তা বলার অপেক্ষা রাখে না। এমনকি হুমায়ুনবাবুর এই মন্তব্য সত্যি হলেও, আশ্চর্য হওয়ার মত কিছু নেই বলেই মনে করা হচ্ছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। যেখানে তিনি বলেন, “জনতা উন্নয়ন পার্টি ১৮২ টি আসনে লড়াই করার মত শক্তি অর্জন করেছে। নির্বাচনের কি ফলাফল হবে, আপনাকে আগাম বলে দিলাম, কোনো দলই বহুমতে পৌঁছতে পারবে না। ত্রিশঙ্কু ফলাফল হবে। যেদিন ত্রিশঙ্কু হবে, সেদিন আগামীদিনে কি ফলাফল হবে, কার সমর্থনে কে চলবে, সেটা ভবিষ্যৎ বলবে।”
