Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ক্ষমতার দম্ভ যখন সংবিধানকে চ্যালেঞ্জ করে! বিচারপতিদের ‘মেরুদণ্ড’ খুঁজতে গিয়ে নিজেই কি ইতিহাসের কাঠগড়ায় অভিষেক?

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ইতিহাসের পাতায় একটি অমোঘ সত্য বারবার প্রমাণিত হয়েছে— যখনই কোনো রাজনৈতিক নেতা নিজেকে সংবিধান ও বিচারব্যবস্থার ঊর্ধ্বে ভাবতে শুরু করেন, ঠিক তখনই তাঁর নৈতিক পতনের ঘণ্টা বেজে ওঠে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের এজলাসে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বিচারপতি কৃষ্ণা রাও যে তীব্র ভর্ৎসনা ছুড়ে দিয়েছেন, তা নিছক কোনো আইনি পর্যবেক্ষণ নয়; বরং ভারতীয় গণতন্ত্রে শাসকের অহংকার বনাম সংবিধানের মর্যাদার লড়াইয়ের এক জ্বলন্ত দলিল। প্রশ্ন উঠছে, যে সংবিধানের নামে শপথ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের সর্বোচ্চ আইনসভায় পা রেখেছেন, সেই সংবিধানের রক্ষাকর্তাদেরই গায়ে রাজনৈতিক তকমা সেঁটে দেওয়ার সাহস তিনি পেলেন কোথা থেকে?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ দেড় দশক ধরে রাজ্যে একচ্ছত্র শাসনের যে অভ্যাস তৃণমূল শিবিরে তৈরি হয়েছিল, গত মে মাসে ক্ষমতা হারানোর ছয় মাস পরেও তার রেশ কাটেনি। আর সেই ক্ষমতার হ্যাংওভার থেকেই খোদ বিচারপতিদের ‘মেরুদণ্ড বিক্রি’র মতো চরম অবমাননাকর মন্তব্য করে বসলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। নিজের নিরাপত্তা কমানো নিয়ে আইনি লড়াই লড়তে গিয়ে তিনি সরাসরি বিচারব্যবস্থার নিরপেক্ষতাকেই কাঠগড়ায় তুলে দিলেন। এজলাসে দাঁড়িয়ে বিচারপতি কৃষ্ণা রাও যেভাবে তীব্র শ্লেষের সঙ্গে বললেন, “আপনার মক্কেল তো খুব বুদ্ধিমান! উনি তো রীতিমতো বিচারপতিদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (ACR) লিখতে বসেছেন! কোন কোন বিচারপতি বিজেপির, আর কে কে তৃণমূলের— তার একটা তালিকা দিন, আমি দেখতে চাই”— তা যেকোনো আত্মসম্মানবোধসম্পন্ন জনপ্রতিনিধির কাছে চরম লজ্জার।

বিরোধীদের কটাক্ষ, আসলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি ন্যূনতম শ্রদ্ধা জিনিসটাই ওঁদের রাজনৈতিক অভিধানে নেই। ক্ষমতায় থাকাকালীন যে আদালতকে ‘গণতন্ত্রের শেষ ভরসা’ বলে মাথায় তুলে রাখা হতো, বিরোধী আসনে বসতেই সেই আদালতের বিচারপতিরা রাতারাতি ‘বিজেপির অনুগত’ হয়ে গেলেন? নিজের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে সামান্য আঘাত লাগলেই সাংবিধানিক প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করার এই প্রবণতা ভারতীয় গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক।

বিচারপতি কৃষ্ণা রাও এদিন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মনে করিয়ে দিয়েছেন যে, অভিষেক রাস্তার কোনো সাধারণ অশিক্ষিত মানুষ নন যে তিনি জানেন না ক্যামেরার সামনে কী বলছেন। একজন শিক্ষিত সাংসদ হয়েও তিনি যেভাবে বিচারাধীন বিষয়ে বিচারপতিদের নিশানা করেছেন, তা সরাসরি আদালতের গরিমা ধুলোয় মেশানোর শামিল। ওয়াকিবহাল মহলের মতে, দিনের শেষে বিচারপতির ‘তালিকা’ তলবের পাল্টা চ্যালেঞ্জে যেভাবে নিরুত্তর হয়ে পড়তে হলো অভিষেকের আইনজীবীকে, তা আরও একবার প্রমাণ করল— অহংকারের ফানুস যতই বড় হোক না কেন, সংবিধান ও আইনের একটিমাত্র খোঁচাই তা চুপসে দেওয়ার জন্য যথেষ্ট।

Exit mobile version