Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ফুটপাথের দখলদারি সরাতেই কি ‘বুলডোজার’ তত্ত্ব? অভিষেকের ‘শেষ নিশ্বাস’ পোস্টে পাল্টা প্রশ্নবাণে বিদ্ধ করল শাসক শিবির!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কালীঘাটের ১২১ নম্বর রোডের সামনের ফুটপাথ থেকে বাঁশের অস্থায়ী ছাউনি আর লোহার গেট সরিয়েছে কলকাতা পুরসভা। পথচারীদের হাঁটার জায়গা দখলমুক্ত করতে পুরসভার এই রুটিন অভিযানেই রাজ্য রাজনীতিতে নতুন করে ‘বুলডোজার’ বিতর্ক উসকে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা বিরোধী দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে পুরসভার কর্মীরা বুলডোজার ও গ্যাস কাটার দিয়ে রাস্তার ওই অবৈধ অংশ পরিষ্কার করার পরই, সামাজিক মাধ্যম এক্স-এ (পূর্বতন টুইটার) রীতিমতো রণংদেহী মেজাজে পোস্ট করেন তিনি। অভিষেক লিখেছেন, “যত বুলডোজারই পাঠানো হোক না কেন, কোনও বুলডোজারই আমায় চুপ করাতে পারবে না। বাংলা বিরোধীদের বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যাব। শেষ নিশ্বাস পর্যন্ত একচুলও পিছু হঠব না।” আর তাঁর এই পোস্ট ঘিরেই এবার পাল্টা আক্রমণে নেমে অভিষেককে কার্যত তুলোধোনা করল রাজ্যের শাসক শিবির বিজেপি ও রাজনৈতিক মহলের একাংশ।

ঘটনার প্রেক্ষাপট স্পষ্ট। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের সামনের ফুটপাথ থেকে একটি অস্থায়ী শেড ও সীমানা প্রাচীরের বাইরের একটি লোহার গেট ভেঙে সরিয়ে দেয় পুরসভা। পুর প্রশাসনের দাবি, সাধারণ মানুষের চলাচলের ফুটপাথ আটকে এই কাঠামো তৈরি করা হয়েছিল। যদিও তৃণমূলের মুখপাত্র অর্ক নাগের দাবি, অভিষেক যখন জেড-প্লাস নিরাপত্তা পেতেন, তখন নিরাপত্তারক্ষীদের বসার জন্যই রাজ্য নিরাপত্তা অধিকর্তা দফতর এই ছাউনি তৈরি করেছিল এবং অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের পর তাঁদের দফতর থেকেই এটি খোলার কাজ শুরু হয়েছিল। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক ও শাসক দল বিজেপি নেতৃত্বের প্রশ্ন ঠিক এখানেই। শাসক শিবিরের কটাক্ষ, “যেখানে খোদ বাড়ির মূল কাঠামোয় হাতই পড়েনি, কেবল সাধারণ নাগরিকদের হাঁটার ফুটপাথ দখলমুক্ত করা হয়েছে, সেখানে ‘শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই’ বা ‘বুলডোজার দিয়ে মুখ বন্ধ করার’ মতো ভারী শব্দ ব্যবহার করে আদতে সহানুভূতি কুড়োনোর চেষ্টা চলছে।” বিজেপি সমর্থকদের একাংশ এদিন ঘটনাস্থলের অদূরে দাঁড়িয়ে স্লোগানও তোলেন।

রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ বলছে, বিষয়টি নিছক একটি বাঁশের ছাউনি ভাঙার নয়, বরং এর নেপথ্যে রয়েছে পরিবর্তিত বাংলার রাজনৈতিক সমীকরণ। একসময় যে প্রশাসনের ছত্রছায়ায় রাস্তার ওপর নিরাপত্তা বলয় তৈরি হয়েছিল, আজ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর সেই প্রশাসনের কাছেই তা ‘বেআইনি জবরদখল’। শাসক শিবিরের কড়া আক্রমণ—”যখন রাজ্যে ক্ষমতায় ছিলেন, তখন সাধারণ মানুষের যাতায়াতের পথ আটকে বিশাল নিরাপত্তার ঘেরাটোপ তৈরি হয়েছিল। আজ আইন সবার জন্য সমান হতেই এবং ফুটপাথ দখলমুক্ত করতে পুরসভা পদক্ষেপ নিতেই তা ‘বাংলা বিরোধী চক্রান্ত’ হয়ে গেল? নিজের বাড়ির সামনের সরকারি জমি ছাড়তে এত আপত্তি কেন?” এমনকী, গত ৭ নভেম্বর জন্মদিনের রাতে তাঁর বাড়ির সামনে হওয়া গণ্ডগোল এবং সম্প্রতি আমতলায় দলীয় কার্যালয়ের বেআইনি অংশ ভাঙার ঘটনার সাথে আজকের ফুটপাথ সাফাই অভিযানকে জুড়ে দিয়ে অভিষেক আসলে রাজনৈতিক মাইলেজ নেওয়ার চেষ্টা করছেন বলেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছে শাসক দল।

একদিকে বিরোধী দল তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ও বুলডোজার পাঠিয়ে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে রাজ্যের বর্তমান বিজেপি সরকার। অন্যদিকে, প্রশাসনের স্পষ্ট বক্তব্য—শহরের যেকোনো প্রান্তেই ফুটপাথ দখল করে রাখা বেআইনি এবং নাগরিক স্বাচ্ছন্দ্যের স্বার্থেই এই অভিযান চালানো হয়েছে। সব মিলিয়ে, কালীঘাটের ফুটপাথ থেকে কয়েকটি বাঁশ আর লোহার গেট সরানোকে কেন্দ্র করে যেভাবে ‘শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই’-এর ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে রাজনীতির কারবারিদের প্রশ্ন—এ কি সত্যিই কোনো আদর্শগত লড়াই, নাকি সাধারণ মানুষের হাঁটার রাস্তা দখলমুক্ত হওয়ার অস্বস্তি ঢাকতেই এক্স হ্যান্ডেলে এই গর্জন? উত্তর খুঁজছে ওয়াকিবহাল মহল।

Exit mobile version