Site icon প্রিয় বন্ধু মিডিয়া

হাইকোর্টের শোকজেও কুছ পরোয়া নেহি! “সুপ্রিম কোর্টকে ভরসা করেই বাংলায় হেরেছি”—কলকাতায় পা রেখেই বিচারব্যবস্থার একাংশকে বিস্ফোরক নিশানা অভিষেকের!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আদালত অবমাননার খাঁড়া মাথার ওপর ঝুলছে, কলকাতা হাইকোর্টের কড়া শোকজ নোটিস পকেটে—তবুও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়! পিছু হটা তো দূরের কথা, বরং কলকাতায় পা রেখেই রীতিমতো চ্যালেঞ্জের সুরে বিচারব্যবস্থার একাংশকে নিশানা করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। একদিকে হাইকোর্টের কড়া অবস্থান, আর অন্যদিকে অভিষেকের এই বেপরোয়া আক্রমণ—সব মিলিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল থেকে বঙ্গ রাজনীতিতে রীতিমতো বিস্ফোরণ!

হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ থেকে ফৌজদারি আদালত অবমাননার শোকজ নোটিস জারির কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। তাঁর শরীরী ভাষায় বিন্দুমাত্র ভয়ের ছাপ নেই, বরং গলায় তীব্র শ্লেষ আর আক্রমণ। একের পর এক প্রশ্নবাণ ছুড়ে তিনি বলেন: “আমাকে শোকজ নোটিস দিলে, জ্ঞানেশ কুমারকে কেন দেওয়া হবে না? আইন সকলের জন্য সমান, আমার জন্য কেন আলাদা? বিজেপি নেতাদের জন্য কেন নিয়ম আলাদা হবে? আমি মাথা উঁচু করে চলব, মাথা নত করব না! বাংলায় হেরেছি, কারণ আমরা সুপ্রিম কোর্টকে ভরসা করেছিলাম!” রাজনৈতিক মহলের মতে, অভিষেকের এই শেষ লাইনটিই সবচেয়ে বড় বোমা! বিধানসভা নির্বাচনে ভরাডুবির দায় কার্যত শীর্ষ আদালতের ওপর ভরসা করার মাশুল হিসেবে তুলে ধরে তিনি বুঝিয়ে দিলেন, এবার তিনি আর রক্ষণাত্মক খেলবেন না।

গত মে মাসে রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসতেই অভিষেকের নিরাপত্তা জেড-প্লাস (Z+) থেকে কমিয়ে একধাক্কায় এক্স (X) ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান অভিষেক। এরই মধ্যে গত ৭ নভেম্বর কালীঘাটে তাঁর বাড়ির সামনে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং সংবাদমাধ্যমে অভিষেক অভিযোগ করেছিলেন যে, তাঁর নিরাপত্তা মামলা ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে এবং বিচারব্যবস্থার একাংশ বিজেপির হয়ে কাজ করছে। ব্যাস! এতেই আগুনে ঘি পড়ে। মঙ্গলবার রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য বিষয়টি আদালতের নজরে আনতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণ রাও। ১৫ দিনের মধ্যে জবাব তলব করে শোকজ নোটিস ধরায় হাইকোর্ট।

আগামী ৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। একদিকে যেমন হাইকোর্ট রাজ্যের বর্তমান বিজেপি প্রশাসনকে দু’সপ্তাহের মধ্যে অভিষেকের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে, অন্যদিকে শোকজ নোটিস পেয়েও অভিষেকের এই ‘মাথা নত না করার’ হুঙ্কার! প্রশ্ন উঠছে, সাংবিধানিক প্রতিষ্ঠান ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রকাশ্যে এভাবে প্রশ্ন তোলা কি অভিষেকের কোনো সুচিন্তিত রাজনৈতিক চাল, নাকি আইনি প্যাঁচে পড়ে পাল্টা চাপ তৈরির কৌশল? উত্তর মিলবে ৮ ডিসেম্বর, তবে আপাতত অভিষেকের এই বিস্ফোরক মেজাজে সরগরম গোটা বাংলা।

Exit mobile version