Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলায় আদানির মেগা এন্ট্রি! নিউটাউনে ২ হাজার বেডের হাসপাতাল, হলদিয়ায় ৬,০০০ কোটির মহাসম্মেলন!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের শিল্প ও কর্মসংস্থানের মানচিত্র সম্পূর্ণ বদলে দিতে এক জোড়া মহাবিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা করল রাজ্য সরকার। গতকাল, ২৪ আগস্ট ২০২৬ (সোমবার) বিকেলে নবান্নে আয়োজিত এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের জন্য দুটি ঐতিহাসিক শিল্প প্রকল্পের সুখবর দিয়েছেন। একদিকে কলকাতার নিউটাউনে বিশ্বমানের ২,০০০ বেডের মেগা হাসপাতাল তৈরি করতে চলেছে দেশের প্রথম সারির শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ (Adani Group), অন্যদিকে আগামী ১৪ অক্টোবর হলদিয়ায় উদ্বোধন হতে চলেছে ৬,০০০ কোটি টাকার মেগা পেট্রোকেমিক্যাল প্রকল্প। রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোকে চাঙ্গা করতে নবান্নের এই জোড়া ঘোষণা বাংলা তথা ভারতের শিল্প মহলে বিরাট আলোড়ন সৃষ্টি করেছে।

নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আদানি গোষ্ঠী রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে এক বিপুল বিনিয়োগের প্রস্তাব দিয়েছে এবং এর কাজ অত্যন্ত দ্রুত শুরু করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। নিউটাউনের অ্যাকশন এরিয়া ২ (Action Area II) এলাকায় প্রায় ৫১ একর জমির ওপর ২৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে একটি সমন্বিত হেলথ সিটি তৈরি করা হবে।প্রকল্পটির বিস্তারিত বিবরণ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন: “নিউটাউনে আদানি গোষ্ঠী যে ২,০০০ বেডের হাসপাতাল করতে চায়, তার মধ্যে ১,০০০টি বেড থাকবে সম্পূর্ণ ফ্রি যা গরিব সাধারণ মানুষের নিখরচায় চিকিৎসার জন্য বরাদ্দ থাকবে। বাকি ১,০০০টি বেড বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে।” আদানির এই স্বাস্থ্য প্রকল্পে বিশ্বখ্যাত ‘মেয়ো ক্লিনিক’ (Mayo Clinic)-এর কারিগরি ও জ্ঞানগত সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পে গৌতম আদানির পুত্র করণ আদানি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে লিখিত সম্মতিপত্র (Commitment Letter) জমা দিয়েছেন।

আদানি গোষ্ঠীর পাশাপাশি রাজ্যের প্রাচীন শিল্পনগরী হলদিয়াতেও এক বিশাল বিনিয়োগের সফল রূপায়ণের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। হলদিয়া পেট্রোকেমিকেলস লিমিটেড (HPL)-এর অধীনে তার সহযোগী সংস্থা ‘অ্যাডপ্লাস পলিমারস অ্যান্ড কেমিক্যালস’-এর মাধ্যমে নির্মিত প্রায় ৬,০০০ কোটি টাকা ব্যয়ের একটি নতুন ফেনল এবং অ্যাসিটোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে।প্রকল্পটির সুনির্দিষ্ট উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, “আগামী ১৪ অক্টোবর, দুর্গাপুজোর ঠিক আগেই আমি নিজে হলদিয়া পেট্রোকেমিক্যালের এই ৬,০০০ কোটির মেগা প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করব।” এটি ভারতে নিজস্ব প্রযুক্তিতে প্রোপিলিন তৈরির প্রথম এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম প্ল্যান্ট হতে চলেছে। এর পাশাপাশি আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) সল্টলেকের সিলিকন ভ্যালি হাবে একটি এলঅ্যান্ডটি (L&T) প্রোজেক্টেরও উদ্বোধন করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে, রাজ্যে এক নতুন বিনিয়োগ-বান্ধব এবং স্বচ্ছ পরিবেশ তৈরি হওয়ায় বড় কর্পোরেট হাউসগুলি যে স্বতঃস্ফূর্তভাবে বাংলায় কাজ শুরু করছে, এই মেগা ঘোষণা তারই প্রমাণ বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল।

Exit mobile version