Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মুর্শিদাবাদে বিজেপির ৮ বিধায়ক কীভাবে? বাবরি মসজিদ ও ভোট বিভাজনের বিস্ফোরক অঙ্ক বোঝালেন অধীর!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন জেলা জুড়ে বিজেপির রাজনৈতিক উত্থানের পেছনের আসল রহস্য ও ভোট বিভাজনের বিস্ফোরক অঙ্ক ফাঁক করলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার বহরমপুরে আয়োজিত এক জরুরি সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি কাঠগড়ায় তোলেন আম জনতা উন্নয়ন পার্টি (AJUP) প্রধান হুমায়ুন কবীর এবং বিজেপিকে। অধীর চৌধুরীর দাবি, সংখ্যালঘু ভোট ব্যাংককে সুপরিকল্পিতভাবে টুকরো টুকরো করার কারণেই আজ মুর্শিদাবাদে পদ্ম শিবির এতখানি শক্তিশালী হতে পেরেছে। সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদের জনসংখ্যা ও নির্বাচনী ইতিহাসের তথ্য তুলে ধরে অধীর চৌধুরী বলেন, “সবচেয়ে বেশি মুসলমান বাস করে মুর্শিদাবাদ এলাকায়। আর এই মুসলমান ভোট বিভাজনের মাধ্যমেই এই মুসলমান অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় বিজেপি ৮টি এমএলএ নির্বাচিত করতে পেরেছে।”

এই ভোট মেরুকরণের খেলায় হুমায়ুন কবীরকে কীভাবে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে মারাত্মক প্রশ্ন তোলেন অধীর। তিনি বলেন, “ভাবতে পারেন, হুমায়ুনকে তাঁরা কেন ব্যবহার করেছিল? কেন বাবরি মসজিদের কথা তুলেছিল? কেন হুমায়ুন বাবরি মসজিদ তৈরি করার জন্য টাকা তুলছে, মানুষের আবেগকে কাজে লাগাচ্ছে, আর বিজেপি পার্টি চুপ করে বসেছিল?” কংগ্রেস নেতার দাবি, এই নীরবতা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এটি ছিল দুই পক্ষের এক অলিখিত সমঝোতা, যার লক্ষ্য ছিল মুসলিম সমাজকে উত্তেজিত করে হিন্দু-মুসলিম ভোটকে সম্পূর্ণ মেরুকরণ করা।

দেশজুড়ে বিজেপির মূল রাজনীতির রূপরেখা মনে করিয়ে দিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ক্ষমতায় আসার আগে এই দল দেশের মানুষকে প্রধান তিনটি প্রতিশ্রুতি বা অ্যাজেন্ডা দিয়েছিল: ১. বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করা। ২. কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করা। ৩. দেশজুড়ে ইউনিফর্ম সিভিল কোড (UCC) চালু করা। অধীরের অভিযোগ, যে দল এই ধরণের কট্টরপন্থী অ্যাজেন্ডা নিয়ে চলে, তারা মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নিয়ে আবেগের তাস খেলাকে নিঃশব্দে প্রশ্রয় দিয়েছে শুধুমাত্র নিজেদের আসন বাড়ানোর স্বার্থে। রেজিনগরের এই উপনির্বাচনেও ঠিক একই ফর্মুলায় ধর্মীয় মেরুকরণ ও ভোট ভাগের খেলা খেলতেই হুমায়ুনকে ব্যবহার করা হচ্ছে এবং আগামী দিনেও তাঁকে এই রাজনৈতিক স্বার্থেই টিকিয়ে রাখা হবে বলে তোপ দাগেন তিনি।

Exit mobile version