Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“শুধুই ইন্দ্রনীল নন, প্রাক্তন মুখ্যমন্ত্রীও তো…”! ইন্দ্রনীলের গ্রেফতারির পর বিস্ফোরক অগ্নিমিত্রা পাল!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-প্রাক্তন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। দুর্নীতির অভিযোগে সিজিও কমপ্লেক্সে ইডি (ED) দফতর হয়ে কলকাতা পুলিশের হাতে প্রাক্তন মন্ত্রীর গ্রেফতার হওয়ার ঘটনা নিয়ে এবার সরাসরি মুখ খুললেন রাজ্যের বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ইন্দ্রনীল সেনের দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র নিশানা করেছেন তিনি। আজ, বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি সরকারের বর্তমান ক্যাবিনেট মন্ত্রী অগ্নিমিত্রা পাল এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি স্পষ্ট ইঙ্গিত দেন যে, আর্থিক কেলেঙ্কারির এই জাল শুধু একজন প্রাক্তন মন্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না, এর শিকড় আরও গভীরে।

ইন্দ্রনীল সেনের মত একজন পরিচিত গায়ক তথা শিল্পীর নাম এমন বড় কেলেঙ্কারিতে জড়ানো এবং শেষ পর্যন্ত হাজতবাস হওয়া নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “একজন শিল্পী মানুষ এরকম দুর্নীতিগ্রস্ত হলে…” তা কতটা দুর্ভাগ্যজনক, সেই প্রশ্ন তোলার পাশাপাশি তিনি সরাসরি যোগসূত্র টানেন রাজ্যের প্রাক্তন শীর্ষ নেতৃত্বের। অগ্নিমিত্রা পাল স্পষ্ট ভাষায় বলেন, “শুধুই ইন্দ্রনীল সেন টাকা সরিয়েছেন তা তো নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীও ওনার সঙ্গে গান করতেন, স্টেজ শেয়ার করতেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী যে এ বিষয়ে নেই তা তো…” মন্ত্রীর এই প্রকাশ্য বয়ানে স্পষ্ট যে, এই আর্থিক দুর্নীতির তদন্তে প্রাক্তন সরকারের শীর্ষ স্তরকেও কাঠগড়ায় তুলছে বর্তমান শাসক শিবির।

রাজনৈতিক মহলের মতে, নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিগত তৃণমূল জমানার একাধিক দুর্নীতির ফাইলের তদন্ত গতি পেয়েছে। গতকালই সিজিও কমপ্লেক্সের নাটকীয় ঘটনার পর পুলিশি হেফাজত হয়েছে প্রাক্তন মন্ত্রীর। অগ্নিমিত্রা পালের আজকের এই মন্তব্য সেই তদন্তের আঁচ যে আরও ওপরে পৌঁছাতে পারে, তারই ইঙ্গিত দিচ্ছে। প্রশাসন সূত্রে খবর, এই দুর্নীতিতে আর কারা লাভবান হয়েছেন, তা জানতে তদন্তকারী আধিকারিকরা সমস্ত যোগসূত্র খতিয়ে দেখছেন।

Exit mobile version