প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দরজায় কড়া নাড়ছে ২৬ এর বিধানসভা নির্বাচন। বিজেপি এবার পুরোদস্তুর ঝাঁপিয়ে পড়েছে বাংলায় ক্ষমতা দখল করার ব্যাপারে। কেন্দ্রীয় নেতৃত্ব বারবার করে নিজেদের তৎপরতার মধ্যে দিয়েও বুঝিয়ে দিচ্ছে, এবার তাদের একমাত্র টার্গেট বঙ্গ বিজয়। তবে শুধুমাত্র কথায় বা মুখে টার্গেট রয়েছে বললেই তো হবে না। কাজে করে দেখাতে হবে ভারতীয় জনতা পার্টিকে। তাই ২০২১ এর বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কিছুটা প্রার্থী তালিকায় যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে, সেই দিকেই বেশি নজর দিতে চাইছে বিজেপি। রাজ্যের শাসক দলের থেকেও সাধারণ মানুষের বেশি নজর রয়েছে বিজেপির প্রার্থী তালিকার দিকে। কারণ মানুষ চাইছে, পরিবর্তন। আর যখন ভোট কবে ঘোষণা হবে এবং রাজনৈতিক দলগুলো কবে প্রার্থী ঘোষণা করবে, সেই দিকে সকলের নজর রয়েছে, ঠিক তার আগেই আজ বিজেপি শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। যেখানে রাজ্যের সমস্ত জেলার সভাপতিদের সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। যেখানে বিভিন্ন জেলা থেকে সম্ভাব্য কারা প্রার্থীর তালিকায় রয়েছেন, তাদের নাম যে চেয়ে পাঠিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব, এমনটাও খবর সামনে এসেছিল। তবে আজ একেবারে বিভিন্ন জেলা নেতৃত্বের সঙ্গে সরাসরি কথা বলে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে নিতে চায়, কাকে কোথায় প্রার্থী করলে ভালো ফল হবে। এক্ষেত্রে দুর্নীতির সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে এবার প্রার্থী করতে চায় না ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি মানুষের সঙ্গে সংযোগ রয়েছে এবং এলাকায় জনপ্রিয়তা রয়েছে, এইরকম স্বচ্ছ মুখেদেরকেই প্রার্থী তালিকায় প্রাধান্য দেওয়ার ব্যাপারে ভাবা হচ্ছে। আর সেই লক্ষ্যেই আজ কলকাতায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে বলেই খবর।
সূত্রের খবর, আজ কলকাতায় প্রত্যেকটি জেলার সভাপতিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতৃত্বরা। আর সেই বৈঠকেই মূলত প্রার্থী তালিকার বিষয়টি চূড়ান্ত হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। যারা বিগত বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন, তাদের মধ্যে কারা এবার প্রার্থী হবেন, তা নিয়েও একটা চর্চা চলছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূলকে টেক্কা দেওয়ার ক্ষেত্রে জোরদার এবং শক্তিশালী মুখকেই সামনে রেখে লড়াই করতে চাইছে পদ্ম শিবির।
