প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ফের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী সোমবার এক ঝটিকা সফরে কলকাতায় পা রাখছেন তিনি। মূলত ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর বিশেষ অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই রাজ্য সফর। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই পদ্ম শিবিরে তৎপরতা তুঙ্গে। সোমবার একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়ে ওই দিনই তিনি দিল্লি ফিরে যাবেন।
সোমবার কলকাতায় নেমেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি চলে যাবেন আশুতোষ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভবানীপুরের ঐতিহাসিক বাসভবনে। সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ভবানীপুর চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে।
ভবানীপুরের কর্মসূচি শেষ করে অমিত শাহ রওনা দেবেন নিউটাউনের ইকো পার্কের উদ্দেশ্যে। সেখানে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি বিশাল মূর্তি স্থাপনের কাজ শুরু হতে চলেছে, যার আনুষ্ঠানিক সূচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। এরপর তাঁর গন্তব্যস্থল হতে চলেছে মিলন মেলা প্রাঙ্গণ (বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ)। মিলন মেলা প্রাঙ্গণেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী স্মরণে মূল নাগরিক সভার আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অমিত শাহ।
সোমবারের এই ঠাসা কর্মসূচির পর রাজনৈতিক স্তরে রাজ্য নেতৃত্বের সঙ্গে কোনও সংক্ষিপ্ত বৈঠক হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে মিলন মেলার অনুষ্ঠান শেষ করেই সোমবার রাতের ফ্লাইটে কলকাতা থেকে সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০২৬-এর রাজনৈতিক সমীকরণের আবহে শাহের এই সফর ও তাঁর বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
