প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের তৃণমূল সরকারকে মানুষ যে আশা নিয়ে ক্ষমতায় এনেছিল, সেই কোনো আশাই আজ সাধারণ মানুষের পূরণ হয়নি। বরঞ্চ দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেভাবেই পিছিয়ে যাচ্ছে এই রাজ্য। কারণ এখানে ডবল ইঞ্জিন সরকার নেই। আর কেন্দ্রের পক্ষ থেকে যে সমস্ত উন্নয়নের প্রকল্প রাজ্যে পাঠানো হয়, তার সমস্ত অর্থ তছরুপ করা হয় বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করেছেন রাজ্য বিজেপির নেতারা। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রীও রাজ্যে এসেও সেই কথা উল্লেখ করেছেন। আর এবার সাংবাদিক বৈঠক থেকে কিভাবে রাজ্যকে পিছিয়ে দেওয়া হচ্ছে, তা তথ্য পরিসংখ্যান দিয়ে তুলে ধরে তৃণমূলকে বিরাট ধাক্কা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
ইতিপূর্বেই এই রাজ্যের বুকে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প এসেছে, তা মানুষের কাছে পৌঁছে দিতে বাধা দান করা হয়েছে। এমনকি কেন্দ্রের পক্ষ থেকে যে সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও আর্থিক তছরুপ হয়েছে বলে মাঝেমধ্যেই অভিযোগ করেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় সরকার তাদের উন্নয়নমূলক প্রকল্প দিয়ে বাংলাকে ভরিয়ে দিতে চায়, এটা তাদের ইচ্ছে। কিন্তু এই রাজ্য সরকার সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও কিছুদিন আগেই রাজ্যে এসে একটি সভা থেকে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই কারণেই যে রাজ্যে পরিবর্তন দরকার, এবার সেই বিষয়টি তুলে ধরছেন বিজেপি নেতারা। আর এসবের মধ্যেই এবার গোটা বিষয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
এদিন সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। আর সেখানেই তিনি বলেন, “বিগত ১০ বছরে গ্রামীণ বিকাশ মন্ত্রক বাংলাকে ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা দিয়ে সাহায্য করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ আজ দুর্নীতিগ্রস্ত সরকার চলছে। রাজ্যে আয়ুষ্মান ভারত কার্যকর করা হয়নি। রাজ্যবাসী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা যখন ভবিষ্যতের ভারত গঠন করছি, তখন এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার রাজ্যকে পিছিয়ে দিচ্ছে।”
