প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের কোটি কোটি মহিলার জন্য অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্যের নতুন বিজেপি সরকারের বহুল চর্চিত ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)-র টাকা কবে থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, তার চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে আয়োজিত একটি হাইপ্রোফাইল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আগামী ১৭ই আগস্ট থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হবে। শুধু তাই নয়, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে যাতে মহিলাদের মনে কোনো সংশয় না থাকে, তার জন্য স্থায়ী নিশ্চয়তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, “আগামী মাস থেকে বিজেপি যতদিন রাজ্যে ক্ষমতায় থাকবে, প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।”
মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে এই প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতায় ব্যাক-এন্ডে ভেরিফিকেশন বা আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে। তবে এই কাজের সিংহভাগই ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। জুন মাস থেকে শুরু করে গত ৩১শে জুলাই পর্যন্ত অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল। যাঁরা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন, তাঁদের নাম পোর্টালে নথিভুক্ত করার কাজ শেষ পর্যায়ে রয়েছে। আপাতত এই ভেরিফিকেশন প্রক্রিয়ার কারণেই সাময়িকভাবে কিছুটা জটিলতা তৈরি হয়েছে, যা খুব দ্রুত কেটে যাবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভেরিফিকেশনের সুবিধার্থে আবেদনকারীদের দুটি ভাগে ভাগ করে টাইমলাইন স্পষ্ট করেছেন। ১০ই জুলাই বা তার আগে যাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন জানিয়েছেন, তাঁদের ভেরিফিকেশন প্রক্রিয়া প্রায় শেষ। তাঁরা প্রথম দফাতেই অর্থাৎ ১৭ই আগস্ট থেকেই টাকা পাবেন। যাঁরা ১১ই জুলাই বা তার পরে আবেদন জমা দিয়েছেন, তাঁদের নথিপত্র স্ক্রুটিনি করতে প্রশাসনের আরও কিছুটা সময় লাগবে। ফলে তাঁদের টাকা পেতে সামান্য দেরি হতে পারে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যজুড়ে রেকর্ড ২ কোটি ১৬ লক্ষ মহিলা এই প্রকল্পের জন্য আবেদন জানিয়েছেন। বিপুল সংখ্যক এই আবেদনের স্ক্রুটিনি অত্যন্ত স্বচ্ছতার সাথে করা হচ্ছে।
অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে কী কী যোগ্যতা বা মানদণ্ড (Criteria) রাখা হয়েছে এবং কারা কারা এই আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য, তা নিয়ে রাজ্যবাসীর মনে কৌতূহল রয়েছে। এই বিষয়ে ধোঁয়াশা কাটাতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১০ই আগস্ট তিনি পুনরায় সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেদিনই অন্নপূর্ণা যোজনার সমস্ত খুঁটিনাটি তথ্য, মানদণ্ড এবং চূড়ান্ত গাইডলাইন সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হবে।
