প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীর পুণ্যলগ্নে কলকাতার বুকে ঘটে গেল এক অন্যতম হাই-প্রোফাইল রাজনৈতিক ও সাংস্কৃতিক মেলবন্ধন। দীর্ঘ ২৬ বছর পর ফের বাংলা চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক অনুপম খের। আর এই বিশেষ প্রত্যাবর্তনকে সামনে রেখেই কলকাতার ময়দানের PWD টেন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ সারলেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারীর সঙ্গে এটিই অনুপম খেরের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
শুধু দুই ব্যক্তিত্বের সাক্ষাৎই নয়, এই বৈঠককে কেন্দ্র করে বসেছিল চাঁদের হাট। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং বিশিষ্ট বিজেপি নেত্রী তথা বিধায়িকা রূপা গঙ্গোপাধ্যায়। বিনোদন ও রাজনীতির এই শীর্ষ স্তরের মেলবন্ধনে স্বাভাবিকভাবেই নতুন জল্পনা তৈরি হয়েছে রাজ্য জুড়ে।প্রশাসনিক ও রাজনৈতিক মহলে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গেছে, মূলত পশ্চিমবঙ্গে চলচ্চিত্র শিল্পের বিকাশ, নতুন পরিকাঠামো গঠন এবং টলিউডে কাজের সুস্থ ও অবাধ পরিবেশ তৈরি করা নিয়ে দুই পক্ষের মধ্যে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। নতুন সরকারের আমলে সিনেমা সংস্কৃতির কী ধরনের অগ্রগতি সম্ভব, সেই রূপরেখাও উঠে আসে এই আলোচনায়।
বলিউডের এই বর্ষীয়ান অভিনেতার বাংলায় আগমন এবং খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক টলিউড তো বটেই, জাতীয় স্তরেও বাংলার চলচ্চিত্রবান্ধব ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
