Site icon প্রিয় বন্ধু মিডিয়া

যাদবপুর নিয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের বিস্ফোরক মন্তব্য! ‘দিমাগি নকশাল’দের নিয়ে দিলেন কড়া দাওয়াই!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে অত্যন্ত তীব্র ভাষায় ক্ষোভ উগরে দিলেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। বিশ্ববিদ্যালয়ের একাংশ বামপন্থী মনোভাবাপন্ন পড়ুয়াদের কড়া আক্রমণ করে সরাসরি ‘দিমাগি নকশাল’ (Dimaagi Naxals) এবং ‘আর্বান নকশাল’ (Urban Naxal) বলে অভিহিত করেছেন তিনি। তাঁর দাবি, এই শক্তির বিরুদ্ধে দলের ছাত্র সংগঠনকে আরও বেশি শক্তি নিয়ে ময়দানে নামতে হবে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী অভিযোগ করেন, কিছু দেশবিরোধী শক্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিজেদের আস্তানা বা ‘হাব’ বানিয়ে রেখেছে।”

পরিবহণমন্ত্রী অর্জুন সিং স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) সদস্যদের আরও বেশি শক্তি ও কঠোর পদক্ষেপ নিয়ে এই দিমাগি নকশালদের পুশ আউট (Push out) বা ক্যাম্পাস থেকে বের করে দিতে হবে।” তিনি দাবি করেন, সাধারণ ছাত্রছাত্রীদের একাংশের মগজধোলাই করে এই ধরনের কার্যকলাপে লিপ্ত করা হচ্ছে।

অর্জুন সিংয়ের এই প্রকাশ্য বিবৃতির পর রাজ্যের রাজনৈতিক মহলে বিতর্ক তীব্র হয়েছে। মন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিরোধিতা করেছেন বিরোধী দল তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তিনি পালটা অভিযোগ তুলে বলেন, “বিজেপি বিধায়করা যাদবপুরে গিয়ে অশান্তি ছড়াচ্ছেন এবং ছাত্রদের হুমকি দিচ্ছেন। যাদবপুর একটি ঐতিহ্যবাহী ও অত্যন্ত ভালো বিশ্ববিদ্যালয়, কিন্তু বিজেপি পরিকল্পনা করে সেখানকার গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।” ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং ভাঙচুরের ঘটনার পর থেকেই যাদবপুরের ছাত্র রাজনীতি এই মুহূর্তে চরম উত্তপ্ত, যার রেশ এবার নবান্ন তথা রাজ্য মন্ত্রিসভাতেও এসে পৌঁছাল।

Exit mobile version