Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ফরাক্কায় ধস, উত্তরবঙ্গের ট্রেন বন্ধ! ‘ভাড়া বাড়ানো অন্যায়, বেশি টাকা নেওয়া যাবে না’—চরম হুঁশিয়ারি অর্জুন সিংয়ের!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভারী বৃষ্টির জেরে মুর্শিদাবাদের ফরাক্কায় রেললাইনে ধস নেমে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত। বন্দে ভারত-সহ একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন বাতিল হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। এই আপৎকালীন পরিস্থিতিতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ সচল রাখতে যুদ্ধকালীন তৎপরতায় অতিরিক্ত দূরপাল্লার সরকারি বাস নামিয়েছে পরিবহণ দফতর। তবে এই সংকটের সুযোগ নিয়ে বেসরকারি বাসগুলি যাতে সাধারণ মানুষের পকেট কাটতে না পারে, তার জন্য এবার রণংদেহী মেজাজে মাঠে নামলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। বেসরকারি বাসগুলির কালোবাজারি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা রুখতে পরিবহণ মন্ত্রী স্পষ্ট ও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন: “ভাড়া বাড়ানো অন্যায়। এভাবে করা যাবে না। প্রাইভেট বাস আলাদা সিস্টেমে চলে সেদিকে নজরদারি দিয়েছি। আমরা চাপ দিয়েছি আলাদাভাবে বেশি টাকা নেওয়া যাবে না।” মন্ত্রী আরও জানান, “পরিবহণ দফতর গতকাল থেকেই অতিরিক্ত বাস চালু করেছে। দূরপাল্লার যত বাস রয়েছে, সেই সব বাসই দেওয়া হয়েছে। যতটা দিতে পারব, সবটাই দিয়েছি আমরা।”

ট্রেন বাতিলের জেরে বাস টার্মিনাসগুলোতে উপচে পড়া ভিড় সামাল দিতে পরিবহণ মন্ত্রীর নির্দেশে একগুচ্ছ অতিরিক্ত বাস চালানো হচ্ছে।কলকাতা-শিলিগুড়ি রুট: শুক্রবার এই রুটে নতুন করে ২৩টি অতিরিক্ত বাস চালানো হচ্ছে। এর পাশাপাশি মালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি নিয়মিত বাসের রুট বাড়ানো হয়েছে। কলকাতা ও দুর্গাপুর থেকে বালুরঘাট: এই দুই রুটেই ২টি করে অতিরিক্ত সরকারি বাস নামানো হয়েছে। মালদা-কলকাতা রুট: যাত্রীদের ভিড় সামলাতে এই রুটে চলছে অতিরিক্ত ৫টি বাস।

বেসরকারি বাসগুলি যাতে মন্ত্রীর নির্দেশ অমান্য করে বেশি ভাড়া না নিতে পারে, তার জন্য রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি (RTO) এবং জেলা প্রশাসনকে ধর্মতলা-সহ সমস্ত প্রধান বাস টার্মিনাসে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Exit mobile version