Site icon প্রিয় বন্ধু মিডিয়া

BREAKING NEWS: কোটি টাকার জমি জালিয়াতি মামলা! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কোটি কোটি টাকার জমি জালিয়াতি ও বেআইনি জবরদখল মামলায় এবার বড়সড় আইনি বিপাকে তৃণমূল শিবির। বিরোধী দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক (PA) সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করল মেদিনীপুর জেলা আদালত। আজ, সোমবার মেদিনীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) আদালত তদন্তকারীদের আবেদনের ভিত্তিতে এই কড়া নির্দেশ দিয়েছে।

পুলিশ ও তদন্তকারী সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের শালবনি থানা এলাকায় প্রভাব খাটিয়ে ভুয়ো নথির সাহায্যে বিপুল পরিমাণ জমি জালিয়াতি ও বেআইনিভাবে দখল করার অভিযোগ ওঠে। এই মামলায় এর আগে গ্রেফতার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। পুলিশি জেরায় ধৃত সুজয় হাজরা স্বীকার করেন যে এই চক্রের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের সরাসরি যোগ রয়েছে। শুধু তাই নয়, সুজয় হাজরা এবং সুমিত রায়ের মধ্যে কোটি টাকারও বেশি বেআইনি আর্থিক লেনদেনের তথ্য ও প্রমাণ রাজ্য পুলিশের হাতে এসেছে বলে সূত্রের দাবি।

উল্লেখ্য, এই মামলার তদন্তে গত শনিবার (১৩ই জুন) ভোরে শালবনি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আচমকাই হানা দেয় কলকাতার কালীঘাটে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন চত্বরে। পুলিশের দাবি ছিল, সুমিত রায়ের মোবাইলের শেষ টাওয়ার লোকেশন কালীঘাটের ওই চত্বরেই মিলছিল। কিন্তু দীর্ঘ তল্লাশির পরও সুমিত রায়ের খোঁজ পাওয়া যায়নি। লুকিয়ে বেড়ানো এবং তদন্তে সহযোগিতা না করায় অবশেষে আজ সোমবার মেদিনীপুর জেলা আদালতের দ্বারস্থ হয় পুলিশ। আদালত সমস্ত প্রমাণ ও নথিপত্র খতিয়ে দেখে সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মঞ্জুর করে। এই নির্দেশের পর সুমিত রায়ের খোঁজে তল্লাশি আরও জোরদার করেছে পুলিশ প্রশাসন। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর এই মামলাকে কেন্দ্র করে বর্তমান শাসক দল বিজেপি এবং প্রধান বিরোধী দল তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য।

Exit mobile version