Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিধানসভায় মহাশোরগোল! মাঠ দখল করে ‘সেবাশ্রয়’ ক্যাম্প, মাটি খুঁড়তেই বেরোচ্ছে ওষুধ! আগামীকাল কড়া জবাব দেবেন মুখ্যমন্ত্রী!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্য বিধানসভায় পূর্বতন তৃণমূল জমানার ‘সেবাশ্রয়’ প্রকল্প নিয়ে শাসক দলের বিধায়কদের নজিরবিহীন অভিযোগে রীতিমতো তোলপাড় পড়ে গেল। আজ বিধানসভার অধিবেশনে ফলতার নবনির্বাচিত বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা এই প্রকল্পকে ঘিরে মারাত্মক অনিয়ম ও চক্রান্তের বিস্ফোরক তথ্য পেশ করেন। পরিস্থিতি এতটাই সংবেদনশীল হয়ে ওঠে যে, পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ে আগামীকাল খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় সরকারি বিবৃতি দেবেন।

ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা আজ বিধানসভায় চাঞ্চল্যকর অভিযোগ তুলে বলেন, “সেবাশ্রয় শিবিরের নামে ফলতার একটি বড় খেলার মাঠ দীর্ঘদিন ধরে জবরদখল করে রাখা হয়েছে। সেই প্যান্ডেল ও অস্থায়ী পরিকাঠামো তুলে মাঠটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতেই এখন সরকারি তহবিল থেকে অন্তত ২৪ লক্ষ টাকা খরচ করতে হবে”। এখানেই শেষ নয়, তিনি আরও বিস্ফোরক দাবি করেন যে, “ওই প্যান্ডেল রেখে দেওয়ার আসল উদ্দেশ্য ছিল, ৪ মে ভোটের ফলপ্রকাশের পর বিজেপি কর্মীদের ওখানে নিয়ে গিয়ে ‘পালিশ’ (মারধর) করা! আমি এই বিষয়টি বিধানসভার নজরে আনছি এবং মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি”।

এই ‘সেবাশ্রয়’ শিবিরকে কেন্দ্র করে বিনামূল্যে চিকিৎসার আড়ালে বিপুল অর্থ তছরুপ, বেসরকারি নার্সিংহোম থেকে জোরপূর্বক চিকিৎসা সরঞ্জাম ছিনতাই এবং চিকিৎসার চরম গাফিলতিতে রোগীদের পঙ্গু হয়ে যাওয়ার মতো মারাত্মক অভিযোগ সামনে এসেছে। শাসক শিবিরের তরফে আরও অভিযোগ তোলা হয়েছে যে, এই শিবিরের ওষুধ পাচার বা কারচুপি লুকাতে বিপুল পরিমাণ জীবনদায়ী ওষুধ গোপনে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিল। এমনকি পর্যাপ্ত ডাক্তার না রেখে জুনিয়র ও আয়ুষ চিকিৎসকদের দিয়ে ভুয়ো প্রেসক্রিপশন বানানোর অভিযোগও আনা হয়েছে।

শাসক দলের বিধায়কের এই জোরালো আক্রমণের মুখে বিধানসভার অধিবেশনে তীব্র চাঞ্চল্য ছড়ায়। তৃণমূলের তরফে এর বিরোধিতা করার চেষ্টা হলেও পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি জানান, “আমরা বিভিন্ন মাধ্যমে এই বিষয়ে চিকিৎসা ও আর্থিক অনিয়মের একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুতর, তাই আগামী অধিবেশনে এই বিষয়ে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারিভাবে বিবৃতি দেবেন”।ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের এই স্বপ্নের প্রকল্পকে ঘিরে বিধানসভার অন্দরে শাসক দলের এই আক্রমণ আসন্ন পুরভোটের আগে রাজ্য রাজনীতিতে এক নতুন যুদ্ধক্ষেত্রের জন্ম দিল।

Exit mobile version