Site icon প্রিয় বন্ধু মিডিয়া

প্রশিক্ষণেই শানাবে বিধায়কদের আইনসভার দক্ষতা, নিউটাউনের কর্মশালায় বার্তা অধ্যক্ষের!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-“সঠিক প্রশিক্ষণ মানুষের কাজের মান বাড়াবেই। বিধায়কদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না।” শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী মঞ্চ থেকে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। অষ্টাদশ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের সংসদীয় রীতিনীতি ও আইনসভার কার্যপদ্ধতি শেখাতে দুই দিনব্যাপী এই ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়েছে।

এ দিন প্রদীপ জ্বালিয়ে এই বিশেষ পাঠশালার আনুষ্ঠানিক সূচনা করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার উপ-সভাপতি হরিবংশ। এদিনের বক্তব্যে অধ্যক্ষ রথীন্দ্র বসু বিধায়কদের উদ্দেশ্যে জানান, প্রথমবার বিধানসভায় এসে অনেক নিয়মকানুনই নতুন মনে হতে পারে। তবে এই দুই দিনের নিবিড় প্রশিক্ষণ তাদের কাজের গতি ও দক্ষতা বাড়াতে সাহায্য করবে।

প্রশিক্ষণ নিলে মানুষের কর্মক্ষমতার যে প্রকৃত উন্নতি হয়, সে কথাই জোর দিয়ে বলেন তিনি। আইনসভার গরিমা বজায় রেখে কীভাবে জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের দাবিদাওয়া সঠিক নিয়মে বিধানসভার টেবিলে তুলে ধরবেন, মূলত সেই বিষয়ের ওপরই জোর দেওয়া হচ্ছে ৩ ও ৪ জুলাইয়ের এই বিশেষ শিবিরে।

Exit mobile version