Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নবান্ন ছেড়ে খেলার মাঠে! বানতলায় ব্যাডমিন্টন কোর্টে মুখোমুখি মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের প্রশাসনিক অলিন্দে প্রতিদিনের চরম ব্যস্ততার মাঝে এক পশলা স্বস্তির হাওয়া। রাজনীতির অলিন্দ ও ফাইলের স্তূপ থেকে সাময়িক বিরতি নিয়ে খেলার মাঠে মুখোমুখি হলেন রাজ্যের উচ্চপদস্থ দুই ব্যক্তিত্ব। গতকাল (২ আগস্ট ২০২৬, রবিবার) দক্ষিণ ২৪ পরগনার বানতলায় অবস্থিত ‘শাটল এক্সপ্রেস ব্যাডমিন্টন স্টেডিয়ামে’ ব্যাডমিন্টন খেলতে দেখা গেল রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ্য উপদেষ্টা ডাঃ সুব্রত গুপ্তকে (অবসরপ্রাপ্ত IAS)।প্রশাসনিক কাজের বিপুল চাপ ভুলে দুজনেই এদিন পুরোপুরি স্পোর্টসম্যান স্পিরিটে মেতে ওঠেন। বানতলার এই ব্যাডমিন্টন সেন্টারে কখনও তাঁরা কোর্টের দুই প্রান্তে দাঁড়িয়ে একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী হিসেবে শাটল কক ও র্যাকেটের জুগলবন্দি দেখালেন, আবার কখনও একজোট হয়ে ডাবলস ম্যাচে জুড়িদার হিসেবে মাঠ মাতালেন।

প্রশাসন সূত্রে খবর, খেলার প্রতি বিশেষ অনুরাগী প্রাক্তন আমলা সুব্রত গুপ্ত ২০২২ সালে বানতলায় এই অত্যাধুনিক ব্যাডমিন্টন সেন্টারটি গড়ে তুলেছিলেন। বর্তমানে এটি ‘বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমি’ (BBA)-র অধীনস্থ একটি কেন্দ্র, যেখানে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে বাংলার হবু চ্যাম্পিয়নদের প্রস্তুত করা হচ্ছে। প্রশাসনিক কাজের শত ব্যস্ততা সত্ত্বেও নিয়মিত এখানে এসে কিছুটা সময় খেলেন এবং খেলোয়াড়দের খোঁজখবর নেন মুখ্য উপদেষ্টার দায়িত্বে থাকা সুব্রত বাবু। এদিন একাডেমির পরিকাঠামো পরিদর্শন করতে এসে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁও নিজেকে আটকে রাখতে পারেননি। মন্ত্রীর ব্যাডমিন্টন কিট হাতে কোর্টে নেমে পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হওয়ার পর থেকে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে একাধিক বড় পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। বানতলার এই সেন্টারটি যে আগামী দিনে কেন্দ্রীয় স্তরের বড় টুর্নামেন্ট আয়োজন করার জন্য সম্পূর্ণ উপযুক্ত, খেলার মাঝেই সেই বিষয়ে সুব্রত গুপ্তর সঙ্গে মন্ত্রীর আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Exit mobile version