প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর যেভাবে বাংলাদেশে ইউনুসের আমলে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলেছে, তা নিয়ে উদগ্রীব হয়েছিল ভারতবর্ষ। এমনকি এপার বাংলার হিন্দুরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের সকল হিন্দু সনাতনীরাই উৎকণ্ঠার মধ্যে পড়েছিলেন। তবে অবশেষে গতকাল মন্দের ভালো হলেও সেখানে জয়লাভ করেছে বিএনপি। অনেকের মধ্যেই আশঙ্কা ছিল যে, যদি জামাত এখানে জয়লাভ করে, তাহলে সংখ্যালঘু হিন্দুদের আরও ভয়ংকর পরিস্থিতি হতে পারে। তবে শেষ পর্যন্ত বিএনপি জয়লাভ করায় ভারত কিছুটা হলেও আশ্বস্ত হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার কাছে বড় আবদার জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
অনেকেই বলছেন, ভারতের ক্ষেত্রে সবথেকে ভালো হতো, যদি বাংলাদেশে আওয়ামি লিগ ক্ষমতা দখল করতো। কিন্তু শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রমশ সম্পর্কের অবনতি হচ্ছে। তবে গতকালের যে ফলাফল সামনে এসেছে, তাতে জামাত অন্তত ক্ষমতা দখল করেনি। তারা কিছু আসন পেলেও বাংলাদেশের সরকার গঠনের পথে বিএনপি। তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর গতকাল ওপারে থাকা হিন্দুদের কথা উল্লেখ করে সেই তারেক রহমানের কাছেই বড় দাবি জানালেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই বাংলাদেশের ফলাফল নিয়ে তিনি বলেন, “বাংলাদেশ একটি আলাদা দেশ। সার্বভৌম দেশ। তাদের জনগণ এই সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্য আমি বিএনপিকে অভিনন্দন জানাই। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। আমাদের একটাই প্রত্যাশা থাকবে যে, বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদের ওপর আমরা যে ধরনের ঘটনা ঘটতে দেখেছি, এই ঘটনাগুলো আর ঘটবে না।”
