প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। তবে তার আগে সকলের মধ্যেই একটা প্রশ্ন রয়েছে যে, বাংলার মানুষ তো চাইছে বিজেপিকে ক্ষমতায় আনতে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি চাইছে, বাংলার ক্ষমতা দখল করতে? তবে আজ সাংবাদিক বৈঠক থেকে সেই যাবতীয় সংশয় দূর করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেভাবে ক্রমাগত এই বাংলায় বিজেপির ভোটব্যাংক বৃদ্ধি পেয়েছে, সেই তথ্য পরিসংখ্যান উল্লেখ করে অতীতের মত হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথা যে এবার বিজেপি নেতারা বলছেন না, তা স্পষ্ট করে দিলেন তিনি। দৃঢ় ভাষায় অমিত শাহ জানিয়ে দিলেন, এবার বাংলায় ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি।
বিজেপির সর্বভারতীয় চাণক্য হিসেবে পরিচিত অমিত শাহের বাংলা নিয়ে কি মনোভাব রয়েছে, তা জানার জন্য উদগ্রীব ছিল গোটা রাজ্যবাসী। তার সূচাগ্র রণনীতির ওপর ভর করেই বিজেপি একের পর এক রাজ্য জয় করেছে। স্বাভাবিক ভাবেই প্রকাশ্যে বিজেপি নেতারা যতই বাংলা দখলের কথা বলুন, অমিত শাহের এই ব্যাপারে কি মনোভাব, তা জানার জন্য সকলেই কৌতুহলী হয়ে পড়েছিলেন। তবে আজ সাংবাদিক বৈঠকেই সেই অমিত শাহ যে দাবি করে বসলেন, তাতে বোঝাই যাচ্ছে যে, বিজেপির রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট আশাবাদী বাংলা দখলের ব্যাপারে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই বাংলায় বিজেপির জয়লাভের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী মনোভাব পোষণ করেন তিনি। অমিত শাহ বলেন, “এবার বাংলায় যে বিজেপির সরকার হবে, তা মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েই বলছি। ২০১৪ সালে ১৭ শতাংশ ভোট ছিল, ২০১৬ সালে ১০ শতাংশ ভোট ছিল। ২০১৯ সালে ৪১ শতাংশ ভোট ছিল এবং ১৮ টি আসন আমরা পেয়েছিলাম। আর ২০২১ সালে ৩৮ শতাংশ ভোট ছিল, ৭৭ টি আসন পেয়েছিলাম। আর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আমরা ৩৯ শতাংশ ভোট পেয়েছিলাম এবং ১২ টি আসন পেয়েছিলাম। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আমরা বিপুল গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব।”
