প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলার বিধানসভা নির্বাচনে এবার এক নজিরবিহীন মুহূর্ত। বৃহস্পতিবার সকালে দার্জিলিংয়ের একটি বুথের বাইরে হঠাৎই দেখা গেল একদল বিদেশি প্রতিনিধিকে। ভোটারদের দীর্ঘ লাইনের পাশেই তাঁদের উপস্থিতি ঘিরে মুহূর্তে শোরগোল পড়ে যায় এলাকায়। কেন হঠাৎ বিধানসভা ভোটের বুথে হাজির হলেন এই ভিনদেশিরা? জল্পনা শুরু হতেই স্পষ্ট হল কমিশনের আসল পরিকল্পনা।
নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে, ভারতের রাজ্য স্তরের নির্বাচন প্রক্রিয়া এবং গণতন্ত্রের উৎসব দেখতে বিদেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই পরিকল্পনা মাফিক, বৃহস্পতিবার সকালে বিদেশি পর্যবেক্ষকদের একটি বিশেষ দল দার্জিলিংয়ের বুথে হাজির হন। পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ বিধানসভা ভোট কীভাবে পরিচালিত হচ্ছে, তা খতিয়ে দেখাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য।
কেন এই সফর? নির্বাচন কমিশনের ‘ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটরস প্রোগ্রাম’-এর অংশ হিসেবে এই প্রতিনিধিরা ভারতে এসেছেন। বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের স্বচ্ছতা এবং প্রযুক্তি (EVM-VVPAT) তারা সরেজমিনে খতিয়ে দেখেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তের গণতান্ত্রিক দেশগুলোর প্রতিনিধিরা পশ্চিমবঙ্গের এই ভোট উৎসবের ব্যবস্থাপনা দেখে অভিজ্ঞতা সঞ্চয় করছেন। পাহাড়ের প্রতিকূল ভৌগোলিক পরিস্থিতিতেও কমিশন কীভাবে সুষ্ঠুভাবে ভোট করাচ্ছে, তা দেখে বিস্ময় প্রকাশ করেন অনেক বিদেশি প্রতিনিধি।
এই প্রতিনিধিরা সরাসরি ভোটের কাজে হস্তক্ষেপ করেন না। তাঁরা কেবল দর্শক বা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকেন। কমিশনের অনুমতি নিয়েই তাঁরা বুথ এলাকায় প্রবেশ করেছেন, ফলে এতে কোনো আইনি জটিলতা নেই।
দার্জিলিংয়ের সাধারণ ভোটারদের মধ্যেও এই বিদেশি মেহমানদের দেখে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক মহলের এই নজরদারি পশ্চিমবঙ্গের নির্বাচনকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিল।
