প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল বাংলাদেশের ফলাফল সামনে এসেছে। যেখানে বিএনপি ক্ষমতা দখল করছে। তবে আশ্চর্যজনকভাবে জামাতের উত্থান চিন্তা বাড়াচ্ছে সকলের মধ্যে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষরা বাংলাদেশের একটি ফলাফল দেখে রীতিমত আশঙ্কার মধ্যে রয়েছেন। কারণ দেখা যাচ্ছে যে, বাংলাদেশের সঙ্গে বাংলার যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, সেই এলাকাতেই বিশেষ করে জামাত জোট ভালো ফল করেছে। আর এটাই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত্যন্ত চিন্তাদায়ক বিষয়, সেই বিষয়টি নিয়েই আশঙ্কা প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
গতকাল বাংলাদেশের ফলাফল অবশ্যই ভারতের কাছে স্বাগত জানানোর মত বিষয়। কারণ, ভারতের পক্ষ থেকেও একটা চিন্তাজনক বিষয় ছিলো যে, বাংলাদেশে আবার জামাত সরকার গঠন করবে না তো? কারণ তারা যদি সরকার গঠন করে, তাহলে যে সেখানে সংখ্যালঘু হিন্দুরা আরও অত্যাচারিত হবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে ভারতের ক্ষেত্রে সব থেকে ভালো হতো, যদি সেখানে আওয়ামী লিগ ক্ষমতা দখল করতো। কিন্তু মন্দের ভালো হলেও শেষ পর্যন্ত বিএনপি’র হাতে ক্ষমতা গিয়েছে। তবে পশ্চিমবঙ্গের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে বাংলাদেশে বেশিরভাগ আসনেই জামাত জোট জয়লাভ করেছে। আর এটাই যে বাংলার ক্ষেত্রে অত্যন্ত আশঙ্কার বিষয়, তা নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন সুকান্ত মজুমদার।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই তিনি বলেন, “দেখুন, বাংলাদেশের অনেক জায়গাতেই জামাতেই পরাজয় হয়েছে। তবে পশ্চিমবঙ্গের বর্ডার ধরে, একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত, বর্ডারের সিটগুলো সব জামাত জিতেছে। আর এটা খুব চিন্তার বিষয়। যার ফলে এটা প্রমাণ হয়ে গিয়েছে যে, বর্ডারের দুই পারেই উগ্র সাম্প্রদায়িকতাবাদ, ইসলামিক জেহাদি মানসিকতা বাড়ছে। এটা অত্যন্ত চিন্তার।”
