প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সাধারণ মানুষ তথা ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সোমবারের সকালেই এল সবচেয়ে বড় স্বস্তির খবর! দেশজুড়ে আজ (২৮ সেপ্টেম্বর) থেকে যে তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তা সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে দীর্ঘ আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের এই নাটকীয় সিদ্ধান্ত জানিয়েছে ব্যাঙ্ক কর্মীদের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। এর ফলে আজ সকাল থেকে সারা দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ও গ্রামীণ ব্যাঙ্কের কাজকর্ম ও পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৩ দিনের এই দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। মাসের শেষে এবং হাফ-ইয়ার্লি ক্লোজিংয়ের (৩০ সেপ্টেম্বর) মুখে এই ধর্মঘট হলে দেশের সাধারণ নাগরিক ও ব্যবসায়িক লেনদেন সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়ার চরম আশঙ্কা তৈরি হয়েছিল।পরিস্থিতির গুরুত্ব বুঝে গতকাল রবিবার রাত সাড়ে ৯টায় ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) এবং ইউএফবিইউ (UFBU)-এর কর্মকর্তাদের মধ্যে একটি আপৎকালীন অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই রুদ্ধদ্বার বৈঠকেই বড় প্রতিশ্রুতি মেলার পর বরফ গলে। ব্যাঙ্ক কর্মীদের প্রধান দাবি ছিল সপ্তাহে ৫ দিন কাজ বা সব শনিবার পাকাপাকি ছুটি (5-day banking week)। রবিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এটি কীভাবে দ্রুত বাস্তবায়ন করা যায়, তা খতিয়ে দেখতে অবিলম্বে একটি হাই-লেভেল জয়েন্ট কমিটি গঠন করা হবে। স্কেল-৪ এবং তার ওপরের পদমর্যাদার অফিসারদের জন্য ‘পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ’ (PLI) স্কিমে পরিবর্তনের যে দাবি ইউনিয়নগুলি তুলেছিল, তা নিয়ে সরকারের কাছে সংশোধনের প্রস্তাব পাঠাতে রাজি হয়েছে আইবিএ (IBA)। ৮ মার্চ ২০২৪-এর দ্বিপাক্ষিক চুক্তির অধীনে থাকা অন্যান্য সমস্ত অমীমাংসিত ও বকেয়া দাবিদাওয়া দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই ৩ দিনের ধর্মঘটের জেরে যাতে আমজনতার আর্থিক ক্ষতি না হয়, তার জন্য অর্থ মন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর বিশেষ নির্দেশে গতকাল, ২৭ সেপ্টেম্বর (রবিবার) সারা দেশে সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্ক খোলা রাখা হয়েছিল। ব্যাঙ্ক কর্মীরা রবিবারও কাজ করেছিলেন। তবে রবিবার মাঝরাতের এই ঐতিহাসিক সমঝোতার পর আজ সোমবার থেকে দেশজুড়ে লক্ষ লক্ষ গ্রাহক স্বাভাবিকভাবেই ব্যাঙ্কের সমস্ত কাউন্টার পরিষেবা ও এটিএম সুবিধা কোনো বাধা ছাড়াই পাচ্ছেন।
