প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সামনেই বিধানসভা নির্বাচন। যে কোনো মুহূর্তে ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। তবে তার আগে বিরোধী দল থেকে শুরু করে সাধারন মানুষের আতঙ্কের কারণ একটাই, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। যে রাজ্যে মুহুর্মুহু বোমা উদ্ধার হয়, যে রাজ্যে মাঝেমধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে, সেখানে ভোটের আগে জেলাগুলিতে আরও বেশি করে তল্লাশি চালানো প্রয়োজন বলেই সকলে দাবি করছেন। আর এসবের মাঝেই বীরভূমে প্রচুর বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাজ্যের যে কয়েকটি জেলা নিয়ে বিরোধীদের অভিযোগ রয়েছে, যেখানে নির্বাচনের আগে এবং পরে সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধীরা। যার মধ্যে অন্যতম, বীরভূম জেলা। এই বীরভূম জেলায় এক তৃণমূল নেতা আছেন, যিনি পুলিশকে বোম মারার কথা বলেন। স্বাভাবিকভাবেই যারা আইনশৃঙ্খলা, যারা পুলিশ এবং নিয়ম-কানুন কিছুই মানে না, তারা যে ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করবেন, সেই ব্যাপারে নিশ্চিত বিরোধীরা। আর তার মধ্যেই আজ বীরভূমের নানুরে একটি এলাকায় জার ভর্তি বোমা উদ্ধার হয়েছে। যার ফলে প্রশ্ন উঠছে যে, ভোটের আগেই যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে নির্বাচনকে সন্ত্রাসে পরিণত করতে এবং ভয় দেখাতে আরও কোনো বোমা মজুত করা হয়নি তো?
সূত্রের খবর, এদিন বীরভূমের নানুরের সিয়ান গ্রামের খালপাড়ে প্রচুর বোমা উদ্ধার হয়। যেখানে একটি জারের মধ্যে বোমা রয়েছে বলে খবর পাওয়া যায়। আর এই খবর পাওয়ার সাথে সাথেই এলাকায় পৌঁছে যায় পুলিশ। বর্তমানে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ভোটের আগে এই ধরনের ঘটনা রীতিমত চিন্তা বাড়াচ্ছে এলাকাবাসীর মধ্যে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।
