Site icon প্রিয় বন্ধু মিডিয়া

অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা আর তারপরই… বারুইপুর এনকাউন্টার নিয়ে কী লিখলেন বিজেপি মুখপাত্র?

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বারুইপুরে ১২ বছরের নাবালিকাকে নৃশংস নির্যাতন ও খুনের ঘটনায় এক নাটকীয় মোড়। পুলিশের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে নিহত হলো মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। এই ঘটনার পরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। পুলিশি এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যুর এই ঘটনাকে সরাসরি “ঐশ্বরিক বিচার” বা “ডিভাইন জাস্টিস” বলে আখ্যা দিলেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ৫ জুলাই এক নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধারের পর রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমে পুলিশ প্রভাস মণ্ডলসহ তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের খবর, ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে নিয়ে রাতে ঘটনাস্থলে যাওয়া হয়েছিল। সেই সময় পুলিশের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে সে। আত্মরক্ষার্থে এবং তাকে রুখতে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রভাসের।

এই এনকাউন্টারের খবর সামনে আসতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্য বিজেপি-র মুখপাত্র দেবজিৎ সরকার। তিনি লেখেন:”বারুইপুরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও হত্যাকারী পিশাচ প্রভাস মণ্ডল মঙ্গলবার ভোররাতে আগ্নেয়াস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে নিহত হয়। এ এক ঐশ্বরিক বিচার!”

পুলিশের এই অ্যাকশনে স্বস্তি প্রকাশ করেছে নিহত নাবালিকার পরিবার। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা জানান, পুলিশের পদক্ষেপ এবং রাজ্য সরকারের ওপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। অপরাধীর এই পরিণতিতে তাঁরা সন্তুষ্ট।বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল চলছে। এই এনকাউন্টার নিয়ে রাজনৈতিক মহলে নতুন কোনো চাপানউতোর তৈরি হয় কি না, এখন সেটাই দেখার।

Exit mobile version