প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি সুপ্রিম কোর্টে এসআইআর মামলার যে শুনানি হয়েছে, তারপর বেশ কিছু পর্যবেক্ষণ আদালতের পক্ষ থেকে উঠে এসেছে। যেখানে শীর্ষ আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, রাজ্যকে গ্রুপ বি অফিসার দিতে হবে, যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন। কিন্তু যেদিন এই তালিকা দেওয়ার শেষ সময়সীমা ছিলো, সেদিনই সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন যে, রাজ্য এক্ষেত্রেও আদালতের নির্দেশ অমান্য করেছে। এক্ষেত্রে নদীয়া জেলার একটি তথ্য তুলে ধরে সেখানে গ্রুপ বি অফিসারের বদলে গ্রুপ সি অনেকের নাম দেওয়া হয়েছে। এমনকি অনেক অবসরপ্রাপ্ত কর্মীর নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। ইতিমধ্যেই নির্বাচন কমিশনও সেই তালিকা খতিয়ে দেখার চেষ্টা করছে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে তিনি যে ছেড়ে কথা বলবেন না, এই তালিকায় এক ফোঁটাও গরমিল থাকলে তিনি যে আদালতে যাবেন, সেই ব্যাপারে চরম হুংকার দিলেন শুভেন্দু অধিকারী।
এই রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই শাসক দলকে চাপে রাখার একের পর এক ফর্মুলা নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রতিনিয়ত তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন তিনি। রাজ্যের শাসক দল যে পদ্ধতিতেই অনিয়ম করার চেষ্টা করুক না কেন, তা ধরে ফেলছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসআইআরের কাজের জন্য রাজ্যকে গ্রুপ বি অফিসার দিতে বলা হলেও সেখানেও যেভাবে রাজ্য অনিয়ম করেছে, সেই বিষয় নিয়ে গর্জে উঠলেন শুভেন্দুবাবু। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, গোটা বিষয়ে তিনি এবার প্রয়োজন হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “সুপ্রিম কোর্ট বলেছে গ্রুপ বি অফিসার দিতে। কিন্তু এরা যে কর্মচারী দিয়ে দিয়েছে, তাতে সি আছে, ডি আছে। অবসরপ্রাপ্ত লোক রয়েছে। ভুয়ো তালিকা। আমরা সব তথ্য সংগ্রহ করছি। প্রয়োজন হলে মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করবো।”
