Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিধায়কদের সংসদীয় পাঠ দিতে নিউটাউনে বিশেষ কর্মশালা, উদ্বোধনে লোকসভার স্পিকার ওম বিড়লা; উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিধানসভা কক্ষে একজন জনপ্রতিনিধির প্রকৃত ভূমিকা ঠিক কী হওয়া উচিত? সংবিধান অনুযায়ী তাঁদের আইনত কী কী অধিকার ও দায়িত্ব রয়েছে? এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় রাজনীতির পাঠ দিতে আজ থেকে শুরু হচ্ছে এক বিশেষ ওরিয়েন্টেশন কর্মসূচি। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এই হাই-প্রোফাইল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

তিন দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ছাড়া কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। দেশের সংসদীয় গণতন্ত্র ও আইনসভার কাজকর্মকে আরও সুসংহত করতেই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে নিউটাউনের কনভেনশন সেন্টারে বসেছে চাঁদের হাট। কর্মসূচিতে অংশ নিতে কলকাতায় এসেছেন দেশের ৭টি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভার স্পিকাররা। পাশাপাশি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকছেন হরিয়ানার রাজ্যপাল অসীমকুমার ঘোষ। জাতীয় স্তরের এতজন অভিজ্ঞ ব্যক্তিত্বের উপস্থিতি এই প্রশিক্ষণ শিবিরের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।

মূলত প্রথমবার বা নতুন নির্বাচিত হওয়া বিধায়কদের বিধানসভার রীতিনীতি ও বিল পাসের প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দিতেই এই আয়োজন। বিধানসভার অধিবেশনে কীভাবে জনস্বার্থবাহী প্রশ্ন তুলতে হয়, জিরো আওয়ারের গুরুত্ব কী এবং সাংবিধানিক এক্তিয়ারের মধ্যে থেকে কীভাবে কাজ করতে হয়— সেই সমস্ত বিষয়েই নতুন জনপ্রতিনিধিদের মাস্টারক্লাস নেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। রাজনৈতিক মহলের মতে, এই কর্মশালা নতুন বিধায়কদের সংসদীয় কার্যকলাপে আরও দক্ষ ও পরিপক্ক করে তুলবে।

Exit mobile version