প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটতেই এবার আমূল পরিবর্তনের হাওয়া রাজ্য সাহিত্য ও সংস্কৃতি মহলে। বিগত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিনোদন এবং সংস্কৃতি জগতে জেঁকে বসা ‘থ্রেট কালচার’ ও স্বজনপোষণের বিরুদ্ধে এবার একজোট হয়ে সরব হলো রাজ্যের ৩টি প্রভাবশালী সংগঠন। চলচ্চিত্র থেকে শুরু করে সাহিত্য জগৎ— সর্বত্র স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবিতে সুর চড়িয়েছেন শিল্পী ও বুদ্ধিজীবীদের একাংশ। এই বিষয়ে সরাসরি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তথা তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করে তাঁর কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে।
আজ, ৩টি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক জরুরি সাংবাদিক সম্মেলনে বিগত সরকারের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দেন উদ্যোক্তারা। তাঁদের স্পষ্ট অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ভিন্ন মতাদর্শের শিল্পী, কলাকুশলী এবং সাহিত্যিকদের চরম বঞ্চনা ও হেনস্থার শিকার হতে হয়েছে। যোগ্যতাকে পাশ কাটিয়ে কেবল ‘দলদাস’দেরই সমস্ত সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া হতো বলে অভিযোগ তোলেন তাঁরা। এই সংস্কৃতির অবসান ঘটিয়ে কাজের ক্ষেত্রে সুস্থ ও অবাধ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।
সংগঠনগুলির ডাকা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাওড়ার শিবপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ। বিগত আমলের তীব্র সমালোচনা করার পাশাপাশি বর্তমান টলিউডের অরাজক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন তিনি। রুদ্রনীলবাবু সাফ জানান, চলচ্চিত্র বা থিয়েটার ইন্ডাস্ট্রিতে কাজের প্রধান শর্ত হওয়া উচিত ‘যোগ্যতা’। ক্ষমতার পরিবর্তনের এই সন্ধিক্ষণে ইন্ডাস্ট্রির অন্দরের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি মন্তব্য করেন, “পরিস্থিতি জটিল করতে কিছু লোক এখন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন।”
রাজ্যের ২২তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই থ্রেট কালচার নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন:সংস্কৃতি ক্ষেত্রে কোনো রকম দাদাগিরি, সিন্ডিকেট রাজ বা আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাস্ত করা হবে না। চলচ্চিত্র, টেলিভিশন এবং লোকশিল্পের হৃত গৌরব ও স্বাধীনতা ফিরিয়ে দিতে প্রশাসনিক স্তরে কাজ শুরু হয়েছে। শিল্পী মহলের একাংশের আশা, নতুন সরকারের হস্তক্ষেপে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে বাংলার সংস্কৃতি জগৎ আবার মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবে।
