Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিলাসবহুল মার্সিডিজ থেকে সোজা থানার কাঠগড়ায়! কুবেরের ধন আগলে রাখা বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের রাজপাট কি তবে শেষের পথে?

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দাপট, প্রতিপত্তি আর টাকার পাহাড় যে চিরস্থায়ী হয় না, আইনের হাত যে শেষ পর্যন্ত প্রভাবশালীদের কলার পর্যন্ত পৌঁছেই যায়—শনিবার (২১ নভেম্বর) বীরভূমের সিউড়ি থানার ছবিটা যেন আরও একবার তা প্রমাণ করে দিল! যে টুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের নামে একসময় বীরভূমের পাথর খাদান থেকে প্রশাসনের অলিন্দে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত, আজ সেই ‘পাথরসম্রাট’কে দেখা গেল বিলাসবহুল মার্সিডিজ গাড়ি থেকে নেমে নথিপত্র হাতে থানার দরজায় হাজিরা দিতে! প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের রক্ষাকবচের আড়াল সরে গেলেই কি তবে বীরভূমের এই ‘বেতাজ বাদশা’র সাম্রাজ্যের কফিনে শেষ পেরেকটি পোঁতা হতে চলেছে?

পুলিশ সূত্রে খবর, মহম্মদবাজার থানা এলাকার দেউচায় টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় তথা ম্যানেজার মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার মামলার তদন্তে তাঁকে তলব করা হয়েছিল। সেই সমনে সাড়া দিয়েই এদিন দুপুর ১২টা নাগাদ আইনজীবীদের সঙ্গে নিয়ে সিউড়ি থানায় হাজিরা দেন টুলু মণ্ডল। তদন্তকারী আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, জাল ডিসিআর (DCR) তৈরি করে সরকারি রাজস্ব ফাঁকি এবং বেআইনি পাথর কারবারের টাকার উৎস জানতে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ইতিপূর্বে এই মামলায় গ্রেফতার হওয়া চার সরকারি কর্মী ও অন্যান্য অভিযুক্তদের বয়ানের সাথে টুলু মণ্ডলের বক্তব্য মিলিয়ে দেখা হচ্ছে।

সিউড়ি থানায় হাজিরার ঠিক চব্বিশ ঘণ্টা আগে, শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টো নাগাদ কলকাতার ভবানীভবনে সিআইডি-র স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-এর দফতরে হাজিরা দিয়েছিলেন টুলু মণ্ডল। গত বছরের (২০২৫) নভেম্বরে নিউটাউনের (রাজারহাট) আকাঙ্ক্ষা মোড়ে একটি গাড়ি থেকে নগদ ৫ কোটি টাকা উদ্ধারের মামলায় তাঁকে টানা প্রায় ৬ ঘণ্টা ধরে জেরা করেন সিআইডি গোয়েন্দারা। তদন্তকারী সংস্থা সূত্রে ইঙ্গিত মিলেছে, জেরার মুখে অধিকাংশ প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি তিনি, বরং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

টুলু মণ্ডলের এই থানা-পুলিশ দৌড়ঝাঁপ শুরু হতেই বীরভূম তথা রাজ্য জুড়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। ওয়াকিবহাল মহল এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের তরফে বেশ কিছু তীক্ষ্ণ প্রশ্ন ও কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে। চলতি বছরের ২৯ জুলাই মহম্মদবাজারের দেউচায় টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ নগদ ২৮ কোটি ৫০ লক্ষ টাকা এবং প্রায় ২১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১৫ কেজি সোনা উদ্ধার করেছিল। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, সামান্য পাথর ব্যবসা করে একজন মানুষের আত্মীয়ের বাড়িতে কীভাবে এত বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার পাহাড় জমে? এ কি তবে সাধারণ মানুষের প্রাপ্য সরকারি রাজস্ব লুটেরই ফল? আদালতে বীরভূম জেলা পুলিশের পেশ করা চার্জশিটে উল্লেখ রয়েছে, ৯৯ শতাংশ জাল ডিসিআর ব্যবহার করে সরকারকে ফাঁকি দিয়ে বিপুল টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিজ্ঞ মহলের কটাক্ষ, সরকারি সিলমোহর জাল করে এভাবে রাষ্ট্রের কোষাগার লুট করার সাহস এতদিন কার মদতে পাচ্ছিলেন টুলু মণ্ডল? বিপদ বুঝেই গত মে মাসে দেশ ছেড়ে দুবাইয়ে পাড়ি দিয়েছিলেন তিনি। সম্প্রতি সুপ্রিম কোর্ট তাঁকে দেশে ফিরে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় এবং আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতারি থেকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেয়। রাজনৈতিক মহলের একাংশের কটাক্ষ, যাঁর অঙ্গুলিহেলনে একসময় গোটা জেলা চলত, আজ তাঁকে আইনের হাত থেকে বাঁচতে বিদেশের মাটিতে লুকিয়ে থাকতে হলো এবং এখন আদালতের রক্ষাকবচ নিয়ে থানার বারান্দায় ঘুরতে হচ্ছে!

ওয়াকিবহাল মহলের মতে, সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত হয়তো গ্রেফতারির খাঁড়া ঝুলছে না ঠিকই, কিন্তু সিআইডি এবং জেলা পুলিশের এই সাঁড়াশি জেরার মুখে পড়ে রীতিমতো কোণঠাসা বীরভূমের এই প্রভাবশালী ব্যবসায়ী। জনসাধারণের একাংশের প্রশ্ন, যে প্রভাব ও প্রতিপত্তির জোরে এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন টুলু মণ্ডল, পরিবর্তিত পরিস্থিতিতে সেই সাম্রাজ্য কি তবে তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে? ৭ ডিসেম্বর শীর্ষ আদালতে তদন্তকারীরা ঠিক কী তথ্যপ্রমাণ পেশ করেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।

Exit mobile version