প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের আতঙ্কে রীতিমত তটস্ত হয়ে রয়েছেন। তিনি বুঝতে পারছেন যে, তিনি আর ক্ষমতায় আসতে পারবেন না। যেভাবে অবৈধ ভোটারদের নাম বাদ গিয়েছে, এতদিন ভোটার তালিকায় তাদের রেখে যেভাবে ভোট বৈতরনী তার দল পার হতো, তাতে এবার আর সেই কৌশল অবলম্বন করতে পারবে না তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই প্রথম দিন থেকেই এই এসআইআরের বিরোধিতা করতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেই দাবি করছে বিরোধীরা। তবে কোনোভাবেই যখন কিছু হলো না, তখন শেষ পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর নিজের পুরনো স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ধর্নায় বসে পড়ছেন তিনি। আগামীকাল মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
২৬ এর নির্বাচনের আগে তৃণমূলের একটাই চিন্তার কারণ, এসআইআর। কোনোভাবেই যখন সেটা আটকানো যায়নি, তখন তৃণমূল ধরেই নিয়েছে যে, শুধুমাত্র ৬৪ লক্ষ নয়। যেগুলো বিচারাধীনের তালিকায় রয়েছে, তার মধ্যেও অনেকের নাম বাদ যেতে পারে। আর যেভাবে নাম বাদ যাচ্ছে, তাতে ক্ষমতায় ফেরার যে আর কোনো চান্স নেই, তা বুঝেই এখন নিজের শেষ কৌশল অবলম্বন করতে শুরু করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। যখনই তিনি বিপাকে পড়েন, তখনই তিনি ধর্নায় বসে যান। এক্ষেত্রেও তিনি একেবারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআরের প্রতিবাদে আগামীকাল ধর্নায় বসছেন। আর সেই বিষয় নিয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।
এদিন মুখ্যমন্ত্রীর এই ধর্না নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিস করছেন। কারণ এরপর উনি বিরোধী দলনেত্রী হয়ে যাবেন। ওনাকে তখন ধর্না দিতে হবে বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাই এখন থেকেই উনি প্র্যাকটিস করছেন। ভোটার লিস্ট তো এখনও পর্যন্ত সম্পন্নই হয়নি। প্রচুর মানুষের নাম বিচারাধীন পর্যায়ের রয়েছে। সুপ্রিম কোর্ট স্বয়ং দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ভারতবর্ষের সংবিধানের ওপর বিশ্বাস না থাকে, সুপ্রিম কোর্টের ওপর বিশ্বাস না থাকে, নির্বাচন কমিশনের ওপর বিশ্বাস না থাকে, তাহলে এই দেশে আছেন কেন? যে দেশের সংবিধানে বিশ্বাস করেন, সেখানে চলে যান।”
