প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়ে গিয়েছে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে তৎপরতা। বিজেপির তৎপরতা বুঝিয়ে দিচ্ছে যে, এবার তারা কোনোমতেই বঙ্গ জয় হাতছাড়া করতে নারাজ। ইতিমধ্যেই দিল্লিতে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব দফায় দফায় বৈঠক করেছে। সংবাদমাধ্যমের খবর আসতে শুরু করেছে যে, সেখানে প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। খুব দ্রুত বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়া হতে পারে। আর এই পরিস্থিতিতে যখন বিভিন্ন বিষয়ে প্রার্থী তালিকায় চমক থাকবে কিনা, তা নিয়ে চর্চা চলছে, ঠিক তখনই একেবারে রাজধানীর বুক থেকেই রাজ্য সভাপতিকে পাশে নিয়ে প্রার্থী তালিকায় কি চমক থাকছে, তা নিয়ে মন্তব্য করতে গিয়ে জল্পনা বাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ইতিমধ্যেই দিল্লিতে বঙ্গ বিজেপির তিন প্রধান মুখ পৌঁছে গিয়েছেন। রয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। গতকালই খবর পাওয়া গিয়েছে যে, আগামী রবিবার অথবা সোমবার বিজেপির পক্ষ থেকে ১৫০ টি আসনে বাংলার প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই সেই প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। আর এখানেই সকলের নজর বিজেপির প্রার্থী তালিকার দিকে। তাহলে কি এবার বিজেপি তাদের প্রার্থী তালিকাতে বড়সড় চমক দিতে চলেছে? আর সেই বিষয় নিয়েই এবার মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই প্রার্থী তালিকা নিয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, “প্রার্থী তালিকায় কিচ্ছু হয়নি। হারানোর পরিকল্পনা হয়েছে। নীচে পদ্ম, ওপরে নরেন্দ্র মোদী। হারাতে হবে তৃণমূলকে। প্রাক্তন করতে হবে মমতা ব্যানার্জিকে।”
