Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মহাবৈঠকে চূড়ান্ত হচ্ছে বাংলার ‘মুকুটহীন সম্রাট’! আজই কি নিউটাউনে খুলবে ‘মুখ্যমন্ত্রী’-র খাম?

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-প্রত্যাশা আর উত্তেজনার পারদ আজ আকাশচুম্বী! পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে গেরুয়া ঝড় তোলার পর আজই সম্ভবত ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ। কে বসতে চলেছেন বাংলার মসনদে? কার মাথায় উঠতে চলেছে সাফল্যের তিলক? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজই নিউটাউনের সেই হাই-প্রোফাইল হোটেলে বসছে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের মেগা বৈঠক।

দিল্লির বিশেষ নির্দেশে আজই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় রাজনীতির দুই মহীরুহ— অমিত শাহ অথবা রাজনাথ সিংহ। তাঁদের উপস্থিতিতেই নিউটাউনের হোটেলের রুদ্ধদ্বার কক্ষে শুরু হতে চলেছে বিজেপির পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ আলোচনা। সূত্রের খবর, এই বৈঠকেই বিধায়কদের সম্মতির ভিত্তিতে সিলমোহর পড়তে পারে বাংলার পরবর্তী প্রশাসনিক প্রধানের নামে।

রাজ্যের আনাচে-কানাচে যখন গেরুয়া আবির উড়ছে, ঠিক সেই মুহূর্তে নিউটাউনের সেই হোটেলের চারপাশ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে, কোনো দীর্ঘসূত্রতা নয়, বরং আজ বিকেলের মধ্যেই খাম খুলে নাম ঘোষণা করে দিয়ে চমক দিতে পারে বিজেপি নেতৃত্ব। জল্পনায় একাধিক হেভিওয়েট নাম থাকলেও শেষ মুহূর্তে কে বাজিমাত করবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোরদার চুলচেরা বিশ্লেষণ।

যদিও চূড়ান্ত ঘোষণা রাজভবনের সবুজ সংকেতের ওপর নির্ভর করছে, তবে দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে— আজকের বৈঠক শেষে পরিষদীয় দলের নেতার নাম ঘোষণা কেবল সময়ের অপেক্ষা। বাংলার মসনদে নতুন মুখের অভিষেক নাকি কোনো পোড়খাওয়া নেতার হাতে রাশ, তা নিয়ে কৌতুহলী গোটা বাংলা। নজর রাখুন আমাদের পোর্টালে, আজকের এই ঐতিহাসিক দিনের প্রতি মুহূর্তের আপডেট পেতে।

Exit mobile version