প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-হাতের মাইকটাই এখন হয়ে উঠেছে শাসক দলের প্রধান হাতিয়ার! তবে কোনো নির্বাচনী প্রচার বা জনসভার জন্য নয়, বরং নিজেদেরই দলের একাংশের বিরুদ্ধে ওঠা ‘তোলাবাজি’র অভিযোগ রুখতে এবার রাজপথে নেমে প্রচার চালাতে হচ্ছে খোদ মন্ত্রী থেকে শুরু করে বিধায়কদের। উত্তর থেকে দক্ষিণ— বাংলার জেলায় জেলায় জনপ্রতিনিধিদের এই নজিরবিহীন তৎপরতা একদিকে যেমন দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছে, তেমনই দলের অন্দরের শৃঙ্খলা নিয়েও তুলে দিচ্ছে হাজারো প্রশ্ন। ঘটনার সূত্রপাত সাম্প্রতিক একাধিক অভিযোগকে কেন্দ্র করে। সরকারি প্রকল্প থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ— বিভিন্ন মহল থেকে দলের নাম ভাঙিয়ে টাকা তোলার অভিযোগ কানে আসতেই আসরে নামেন বিজেপির প্রথম সারির জনপ্রতিনিধিরা।
উত্তরবঙ্গের বাণিজ্যিক রাজধানী শিলিগুড়িতে টোটো চালকদের কাছ থেকে বেআইনিভাবে পয়সা আদায়ের অভিযোগ পেয়ে আর ঘরে বসে থাকেননি রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। সরাসরি মাইক হাতে রাস্তায় নেমে তিনি সাফ জানিয়ে দেন, টোটো চালকদের কাছ থেকে টাকা নেওয়ার খবর তাঁর কাছে এসেছে। এরপর ফের এমন কোনো অভিযোগ উঠলে তিনি সরাসরি পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবেন। হুগলিতে আরও এক ধাপ এগিয়ে নিজের পরিবারের সদস্যদেরও রেয়াত না করার বার্তা দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তাঁর নাম ভাঙিয়ে ৩ লক্ষ টাকা তোলা হয়েছে বলে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন তিনি। মন্ত্রীর স্পষ্ট কথা, “আমার নাম করে কেউ টাকা তুললে, সে যদি আমার পরিবারেরও কেউ হয়, পুলিশ যেন তাকে গ্রেপ্তার করে।” মুর্শিদাবাদের বেলডাঙায় আবার সরকারি প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে মাইক হাতে নামেন বিজেপি বিধায়ক ভরত ঝাওয়র। প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, “অন্নপূর্ণা যোজনা থেকে যারা টাকা নিচ্ছে, তাদের কোনো রেহাই নেই। সেই টাকা আদায় করে অভিযুক্তদের জেলে পাঠানোর দায়িত্ব আমার।” এর ঠিক আগেই বর্ধমানের মেমারিতে তোলাবাজির অভিযোগ পেলে অভিযুক্তদের ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর মতো চরম বার্তা দিয়ে শিরোনামে এসেছিলেন বিধায়ক মানব গুহ।
এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে— মন্ত্রী-বিধায়কদের এই রাজপথে নেমে মাইকিং করাকে ঠিক কোন চোখে দেখবে বাংলার মানুষ একদিকে, দুর্নীতির বিরুদ্ধে জনপ্রতিনিধিদের এই সরাসরি অবস্থান নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই চেষ্টা ইতিবাচক। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও তো দেখতে হবে! যে কাটমানি আর সিন্ডিকেট-রাজের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে বিজেপি বাংলার মসনদে বসল, ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই কেন সেই দলেরই নাম ভাঙিয়ে তোলাবাজির এমন বাড়বাড়ন্ত? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, দলের বৃহত্তর স্বার্থেই বিজেপির শীর্ষ নেতৃত্বের এখন বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবা উচিত। প্রশাসন ও পুলিশ যেখানে সক্রিয় রয়েছে, সেখানে জনপ্রতিনিধিদের রাস্তায় নেমে মাইকে সতর্কবার্তা দিতে হচ্ছে— এর অর্থ কি নিচুতলার সংগঠনের ওপর নেতৃত্বের রাশ আলগা হচ্ছে? নাকি অন্য দল থেকে আসা কর্মীদের যাচাই না করে দলে নেওয়ার ফল ভুগতে হচ্ছে গেরুয়া শিবিরকে? এদিকে, শাসক শিবিরের এই অস্বস্তিকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছে বিরোধী তৃণমূল কংগ্রেস। বিজেপির অন্দরেই দুর্নীতি বাসা বেঁধেছে বলে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে ঘাসফুল শিবির।
সব মিলিয়ে মন্ত্রী-বিধায়কদের এই কড়া বার্তা সাময়িকভাবে সাধারণ মানুষকে আশ্বস্ত করলেও, আগামী দিনে দলের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে গেলে কেবল মাইকের হুঁশিয়ারি নয়— সংগঠনের ভেতরেই কঠোর শুদ্ধিকরণ জরুরি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
