Site icon প্রিয় বন্ধু মিডিয়া

অন্নপূর্ণা যোজনার টাকা মেলেনি কেন? ৭২ ঘণ্টার মধ্যে দলীয় নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক ক্ষুব্ধ বিজেপি বিধায়কের!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নিজের দলেরই নিচু তলার ব্লক, বুথ ও মণ্ডল সভাপতিদের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধ ঘোষণা করলেন নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক তথা লোকসঙ্গীত শিল্পী অসীম সরকার। রাজ্যের নতুন বিজেপি সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ (অন্নপূর্ণা ভাণ্ডার)-র টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে কেন দেরি হচ্ছে, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি। সোজা নিজের দলেরই বুথ ও মণ্ডল নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ৩ দিন অর্থাৎ ৭২ ঘণ্টার চরম সময়সীমা বেঁধে দিয়েছেন বিধায়ক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় (যার সত্যতা যাচাই করেনি আমাদের নিউজ পোর্টাল) কর্মীদের অত্যন্ত কড়া ভাষায় এই চরম বার্তা দিতে দেখা গিয়েছে বিধায়ককে।

ভিডিও বার্তায় দলীয় নেতাদের ব্যর্থতা নিয়ে সুর চড়িয়ে অসীম সরকার স্পষ্ট ভাষায় বলেন, “আপনাদের আমি ৩ দিন সময় দিচ্ছি। এর পরে যদি আমাকে কোনও মণ্ডলে কোনও মায়েরা এসে বলেন যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাইনি, তবে তার সমস্ত দায় বর্তাবে বিজেপির মণ্ডল সভাপতি ও বুথ সভাপতিদের ওপর”। এখানেই থেমে থাকেননি তিনি, সাফ জানিয়ে দেন যে এই ৩ দিনের মধ্যে যদি যোগ্য আবেদনকারী মায়েরা অন্নপূর্ণা যোজনার টাকা না পান, তবে ক্ষুব্ধ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি এবং শক্তিপ্রমুখদের বাড়ি ঘেরাও করা হবে। খোদ শাসক দলের বিধায়কের মুখে এমন চরম হুঁশিয়ারি শুনে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ও আলোড়ন ছড়িয়েছে নদিয়ার রাজনৈতিক মহলে।

রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর মহিলাদের আর্থিক সহায়তার জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার এই মেগা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করেছে বর্তমান বিজেপি সরকার। তবে গত কয়েক মাসে আধার লিঙ্ক জট ও কারিগরি ত্রুটির কারণে বহু যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। পুজোর মুখে পাশের বাড়ির লোক টাকা পেলেও অনেকেই পাননি, যা নিয়ে জেলাজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। বিধায়ক মনে করছেন, সরকারের প্রকল্প থাকা সত্ত্বেও নিচু তলার বিজেপি নেতৃত্ব ও বুথ সভাপতিরা সাধারণ মানুষের ফর্ম ফিল-আপ ও প্রযুক্তিগত ত্রুটি সংশোধনে তৎপরতা দেখাচ্ছেন না। সেই কারণেই পুজো বা উৎসবের মরশুমে আমজনতার ক্ষোভ যাতে দলের ওপর না আছড়ে পড়ে, তার জন্য আগাম বুথ স্তরকে চাঙ্গা করতে এবং ক্ষুব্ধ মহিলাদের ক্ষোভ প্রশমন করতেই এই চরম হুঁশিয়ারি ও ঘর ঘেরাওয়ের দাওয়াই দিয়েছেন খোদ বিজেপি বিধায়ক।

Exit mobile version