Site icon প্রিয় বন্ধু মিডিয়া

হাসপাতালে নোংরা দেখলেই কড়া অ্যাকশন! বিজেপি সাংসদের ফোনের পরই নজিরবিহীন নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সরকারি হাসপাতালগুলির আবর্জনা জট কাটাতে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে এবার অল-আউট অ্যাকশনে নামল রাজ্যের নতুন বিজেপি সরকার। হাসপাতাল চত্বরে জমে থাকা জঞ্জাল নিয়মিত পরিষ্কারের দাবিতে এবার সরাসরি পুর ও নগরোন্নয়ন দফতরকে কড়া চিঠি পাঠালেন রাজ্যের স্বাস্থ্যসচিব। চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, হাসপাতাল চত্বর সম্পূর্ণ পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখার মূল দায়িত্ব পুর ও নগরোন্নয়ন দফতরেরই। ফলে নিয়মিত আবর্জনা যাতে নিয়ম করে দ্রুত সরিয়ে ফেলা হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। এই চিঠির ঠিক আগের দিনই (শুক্রবার) রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের অধ্যক্ষ ও সুপারদের নিয়ে এক জরুরি উচ্চপর্যায়ের বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। হাসপাতাল গুলির স্বাস্থ্য পরিকাঠামো ও পরিচ্ছন্নতা নিয়ে সেখানে কড়া বার্তা দেন তিনি।

নবান্ন ও স্বাস্থ্য ভবনের এই নজিরবিহীন তৎপরতার নেপথ্যে রয়েছে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি ঘটনা। বিজয়া দশমীর রাতে এক পরিচিতের মৃত্যুর খবর পেয়ে ওই হাসপাতালে আচমকা সারপ্রাইজ ভিজিটে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
সেখানে গিয়ে হাসপাতালের যত্রতত্র আবর্জনার স্তূপ, নোংরা ও ড্রেনের জল জমে থাকার চূড়ান্ত অব্যবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েন সাংসদ। তিনি কালবিলম্ব না করে হাসপাতাল চত্বর থেকেই সটান ফোন লাগান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়কে। ফোনের ওপার থেকে হাসপাতালের বেহাল দশার ছবি ও ভিডিও দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রীও।

বিজেপি সাংসদের সেই ফোনের পরই নড়েচড়ে বসে স্বাস্থ্য ভবন। কর্তব্যে গাফিলতি ও হাসপাতাল অপরিচ্ছন্ন রাখার অভিযোগে দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, এমএসভিপি (MSVP) এবং পাঁচজন অ্যাসিস্ট্যান্ট সুপারসহ মোট ৮ জন আধিকারিককে শো-কজ (Show Cause) করা হয়। এর পরপরই রাজ্যের কোনো সরকারি হাসপাতালে যেন এই ধরণের নোংরা পরিবেশ না থাকে, তা নিশ্চিত করতে শুক্রবারই জরুরি বৈঠক ডাকেন স্বাস্থ্যমন্ত্রী। সেই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই এবার হাসপাতাল চত্বরের জঞ্জাল সাফাইয়ের স্থায়ী সমাধান করতে পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি পাঠিয়ে যৌথভাবে কাজ করার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর।

Exit mobile version