প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলার রাজনীতিতে এ এক অভূতপূর্ব দৃশ্য! যা আগে কখনও দেখেনি বীরভূম, দেখেনি সারা ভারত। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যাঁর নিরাপত্তা বলয় থাকে নিশ্ছিদ্র, যাঁর এক একটি পদক্ষেপে মোতায়েন থাকে হাজারো জওয়ান— সেই অমিত শাহ আজ বোলপুরের সভামঞ্চে দাঁড়িয়ে যা করলেন, তাতে মুহূর্তের জন্য থমকে গেল সময়। নিরাপত্তার সমস্ত প্রোটোকল কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এক অভিনব নজির গড়লেন চাণক্য।
আজ বোলপুরে বিজেপির জনসভায় তিল ধারণের জায়গা ছিল না। মেঠো মানুষের ভিড় উপচে পড়ছিল সভাস্থলে। সেই ভিড় সামলাতে এবং নিরাপত্তাজনিত কারণে চেকিংয়ের কড়াকড়ি করছিলেন কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। আর ঠিক সেই সময়ই মঞ্চে ওঠেন অমিত শাহ। সাধারণ মানুষের এই দুর্ভোগ তাঁর নজর এড়ায়নি।
মঞ্চে দাঁড়িয়েই তিনি সটান নির্দেশ দেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের। অত্যন্ত দৃঢ় অথচ শান্ত গলায় তিনি বলেন, “নিরাপত্তারক্ষীদের সরিয়ে দিন। চেকিং ছাড়াই সকলকে সভাস্থলে প্রবেশ করতে দিন। আমার কর্মীদের, আমার বাংলার মানুষকে কাউকে আটকাবেন না।”
স্বরাষ্ট্রমন্ত্রীর এই নির্দেশে কার্যত শোরগোল পড়ে যায় সভাস্থলে। দেশের সবথেকে গুরুত্বপূর্ণ ভিভিআইপি ব্যক্তিত্বদের মধ্যে তিনি অন্যতম। তাঁর নিরাপত্তার খাতিরে সাধারণত কয়েক স্তরের চেকিং পার হতে হয় সাধারণ মানুষকে। কিন্তু শাহ আজ বুঝিয়ে দিলেন, রাজনীতির ঊর্ধ্বে তাঁর কাছে সাধারণ মানুষের আবেগ এবং ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি চাইলেন না, প্রখর রোদে তাঁর ভাষণ শোনার জন্য আসা মানুষগুলো দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হোক।
শাহের এই নির্দেশের পরই সভাস্থলে উপস্থিত হাজার হাজার মানুষ আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে কেঁপে ওঠে বোলপুর। জনতাকে আটকে রাখা ব্যারিকেড যেন নিমেষে মিলেমিশে এক হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অমিত শাহ আজ প্রমাণ করে দিলেন তিনি ‘জননেতা’। ডান্ডা বা বন্দুকের জোরে নয়, তিনি মানুষের হৃদয়ে ঢুকতে চান মানুষের মতই।
বিজেপি শিবিরের দাবি, বাংলার শাসকদল যেখানে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের ভয় দেখায়, সেখানে অমিত শাহ নিজের নিরাপত্তা বিসর্জন দিয়ে সাধারণ মানুষকে আপন করে নিলেন। এই ঘটনা কেবল বীরভূমের মাটিতেই নয়, আগামী দিনে বাংলার প্রতিটি ঘরে ঘরে আলোচনা হবে।
আজকের এই ঘটনা যেন স্পষ্ট করে দিল, শাহর কাছে নিরাপত্তার ঘেরাটোপের চেয়ে জনগণের সান্নিধ্য বেশি জরুরি। রাজনৈতিকভাবে এর প্রভাব কতটা পড়বে তা সময় বলবে, তবে বোলপুরের এই ‘শাহ-ম্যাজিক’ যে মানুষের মনে স্থায়ী ছাপ ফেলেছে, তা বলাই বাহুল্য।
