প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২৯৪ আসনের মেগা লড়াই শেষ। ইভিএম বন্দি হয়ে গিয়েছে প্রার্থীদের ভাগ্য। আগামী ৪ মে ফলাফলের দিকে যখন গোটা দেশ তাকিয়ে, ঠিক তখনই ‘পি-মার্ক’ (P-Marq)-এর এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা রাজ্য রাজনীতিতে কার্যত বিস্ফোরণ ঘটিয়ে দিল। তাদের পরিসংখ্যানে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা যদি সত্যি হয়, তবে বাংলার রাজনৈতিক মানচিত্র আমূল বদলে যেতে পারে।
সমীক্ষক সংস্থা পি-মার্ক তাদের বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ১৪৮-এর ম্যাজিক ফিগার থেকে অনেকখানি এগিয়ে রেখেছে। এক নজরে দেখে নিন তাদের চমকে দেওয়া তথ্য: বিজেপি (BJP): ১৫০ থেকে ১৭৫টি আসন। তৃণমূল কংগ্রেস (TMC+): ১১৮ থেকে ১৩৮টি আসন। বাম-কংগ্রেস ও অন্যান্য: ২ থেকে ৬টি আসন।
পি-মার্কের এই পূর্বাভাস অনুযায়ী, বিজেপি এবার বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে। যদি বিজেপি ১৭৫ টি আসন স্পর্শ করে, তবে তা হবে রাজ্যের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।বিশ্লেষকদের মতে, শাসক শিবিরের আসন সংখ্যা গতবারের তুলনায় কমে যাওয়ার এই পূর্বাভাস যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, বাম-কংগ্রেস জোটের জন্য এই সমীক্ষায় কার্যত কোনো আশার আলো দেখা যাচ্ছে না। তবে রাজনৈতিক মহলের একটি অংশের মতে, ২০২১ সালেও অনেক সমীক্ষা বিজেপিকে এগিয়ে রাখলেও শেষ পর্যন্ত তৃণমূল বড় জয় পেয়েছিল। তাই পি-মার্কের এই ‘বিস্ফোরক’ পূর্বাভাস বাস্তবে কতটা প্রতিফলন ঘটাবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
বুথ ফেরত সমীক্ষা কেবল একটি গাণিতিক সম্ভাবনা এবং ভোটারদের একাংশের স্যাম্পেল সার্ভের ওপর ভিত্তি করে তৈরি। এটি কোনোভাবেই নির্বাচনের চূড়ান্ত ফল নয়। আসল জয়-পরাজয়ের হিসেব জানা যাবে আগামী ৪ মে ভোটগণনার দিন। পি-মার্কের এই পূর্বাভাস কি শেষ পর্যন্ত মিলবে? নাকি জনতা জনার্দন অন্য কোনো রায় দিয়ে রেখেছে ইভিএমে? উত্তর মিলবে আর মাত্র কয়েক দিন পরেই।
