Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বঙ্গমঞ্চে পদ্ম-ঝড়! রাম নবমীর পরেই মোদী-শাহদের মেগা ইনভেশন, তাসের ঘরের মত কাঁপছে ঘাসফুল শিবির!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বসন্তের বাতাস এখন তপ্ত। রাজনীতির পারদ চড়চড় করে বাড়ছে বঙ্গোপসাগরের কূলে। বেজে গিয়েছে রণদামামা, আর সেই যুদ্ধের ময়দানে এবার সরাসরি অবতীর্ণ হচ্ছেন খোদ ‘প্রধান সেনাপতি’রা। বিজেপি সূত্রের খবর অনুযায়ী, রামনবমীর পবিত্র লগ্ন পার হতেই বাংলার মাটিতে আছড়ে পড়তে চলেছে গেরুয়া তুফান। দিল্লির হাইকম্যান্ড এবার কোমর বেঁধে নামছে মমতার দুর্গ দখলে। লক্ষ্য একটাই—বাংলার মসনদ থেকে অপশাসন আর দুর্নীতির শিকড় উপড়ে ফেলা।

বিজেপির অভ্যন্তরীণ নীল নকশা বলছে, রামনবমীর পর বাংলায় ঝোড়ো ইনিংস শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তিনি একাই রাজ্যে ১৪টি জনসভা ও রোড-শো করবেন। যেখানে প্রধানমন্ত্রীর পা পড়ে, সেখানে জনজোয়ার যে জনপ্লাবনে পরিণত হয়, তা গত কয়েক বছরের ইতিহাস বারবার প্রমাণ করেছে। থেমে নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। চাণক্য-বুদ্ধিতে প্রতিপক্ষকে মাত দিতে তিনি নিজে করবেন ৮ টি হাইভোল্টেজ জনসভা ও রোড-শো। যা শুনে ইতিমধ্যেই তৃণমূলের অন্দরমহলে উদ্বেগের কালো মেঘ জমতে শুরু করেছে। শুধু মোদী-শাহ নন, বাংলার বিধানসভা নির্বাচনের এই মহাসংগ্রামে জেপি নাড্ডা থাকছেন সামনের সারিতে। তিনি ৬টি বিশাল জনসভা করে কর্মীদের উৎসাহ দেবেন। অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা বিহারের পোড়খাওয়া নেতা নিতিন নবীন ৭টি জনসভায় শাণিত বক্তব্য রাখবেন। তবে বিশেষ চমক থাকছে মহাগুরুকে ঘিরে। বাংলার ঘরের ছেলে, মেগাস্টার মিঠুন চক্রবর্তী একাই ১০টি রোড-শো করার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর সেই চিরচেনা সংলাপ আর জনগণের প্রতি টান শাসকদলের ভোটব্যাঙ্কে বড়সড় ধস নামাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিরোধীদের দাবি, রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতি, বালি-কয়লা পাচার আর সন্দেশখালির মত ঘটনায় এমনিতেই ব্যাকফুটে ঘাসফুল শিবির। তার ওপর দিল্লির এই ‘হেভিওয়েট’ আক্রমণের খবর পৌঁছতেই শাসকদলের অন্দরে কম্পন শুরু হয়েছে। তৃণমূলের পাল্টা প্রচারের ভাষা হারিয়েছে। কেননা বাংলার মানুষ এবার পরিবর্তনের বিকল্প হিসেবে এই ‘ডাবল ইঞ্জিন’ শক্তির দিকেই তাকিয়ে আছে। রামনবমীর ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই শুরু হবে সেই অন্তিম লড়াই। এখন দেখার, এই হাইপ্রোফাইল প্রচারের ঝাপটা সামলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল কতটা ধোপে টেকে।

Exit mobile version