প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডকে কেন্দ্র করে আজ দিনভর টানটান উত্তেজনা বজায় থাকল রাজপথে। অবশেষে দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকেলে শেক্সপিয়র সরণি থানা থেকে বেরোলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উৎসবের মরসুমের মাঝেই এই হাইপ্রোফাইল রুদ্ধদ্বার জেরা ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে চরম শোরগোল পড়ে গিয়েছে।
ঘটনার সূত্রপাত গত ২৭ অগাস্ট। কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অফিসের ওপর টাঙানো একটি বিশালাকার বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কলকাতা পুরসভা (KMC) এবং কলকাতা পুলিশের কর্মীরা যখন সেই বিলবোর্ডটি অবৈধ দাবি করে সরাতে যান, তখন তাঁদের কাজে ব্যাপক বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ ও পুরকর্মীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারি কাজে বাধা দেওয়া এবং জামিন অযোগ্য ধারা সহ একাধিক গুরুতর ধারায় শেক্সপিয়র সরণি থানায় মামলা রুজু করা হয়েছিল।
এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল পুলিশ। তবে তিনি সেই দিনই ইমেল মারফত পুলিশের কাছে অন্তত ৪৮ ঘণ্টা সময় চেয়ে হাজিরা এড়িয়েছিলেন। পরবর্তীতে পুলিশের দেওয়া নতুন নোটিস অনুযায়ী, বুধবার সকাল ঠিক ১১টা নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে শেক্সপিয়র সরণি থানায় প্রবেশ করেন তৃণমূল সাংসদ। এর আগে গত ১ সেপ্টেম্বরও এই একই মামলায় প্রথম দফায় থানায় এসে হাজিরা দিয়েছিলেন তিনি। আজ দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জেরা পর্বে তদন্তকারীরা ঠিক কী কী বিষয় জানতে চাইলেন এবং আগামী দিনে এই মামলার গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তীক্ষ্ণ নজর রাজনৈতিক মহলের।
