প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভোটমুখী পশ্চিমবঙ্গে এবারের কেন্দ্রীয় বাজেটের বরাদ্দে কি থাকে, তার দিকে সকলের নজর ছিলো। অবশেষে সেই কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে। আর বাজেট পেশ হওয়ার পরেই তৃণমূলের পক্ষ থেকে তাকে কটাক্ষ করা হচ্ছে। বলা হচ্ছে, বাজেটে তেমন কোনো আশাব্যঞ্জক বিষয় নেই।, পুরোপুরিভাবে বাংলাকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু এবারের এই কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য যে সমস্ত ঘোষণা সামনে এসেছে, তাতে কিন্তু খুশি সাধারণ মানুষ। যে রাজ্য থেকে শিল্প সম্পূর্ণরূপে চলে গিয়েছে, যে রাজ্যে বিনিয়োগ করতে ভরসা পাচ্ছেন না বড় বড় শিল্পপতিরা, সেই পশ্চিমবঙ্গের কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাজেটে যে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী করেছেন, তাতে গোটা বিষয়কে স্বাগত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বর্তমানে পশ্চিমবঙ্গের শিল্প এবং কর্মসংস্থান নেই। আর যে রাজ্যে শিল্প নেই, সেখানে কর্মসংস্থান যে হবে না, তা সকলেই খুব ভালো মত জানেন। যে কারণে এই বিষয়কে হাতিয়ার করে বিরোধীরা মাঝেমধ্যেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। বিজেপি নেতারা বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনলেই ডাবল ইঞ্জিন সরকার যে শিল্প এবং কর্মসংস্থান করে দেখাবে, সেই ব্যাপারে সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছেন। আর তার মাঝেই আজ কেন্দ্রীয় বাজেটে যে ঘোষণা নির্মলা সীতারামন করলেন, তাতে অত্যন্ত খুশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় শিল্পে যে অচলাবস্থা তৃণমূল সরকারের আমলে তৈরি হয়েছে, সেই জায়গা থেকে এবারের এই কেন্দ্রীয় বাজেট নয়া দিশা দেখাবে বলেই মন্তব্য করলেন তিনি।
এদিন কেন্দ্রীয় বাজেট নিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “শিল্পায়নে জোর দেওয়া হয়েছে। ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেড করিডর এবং দুর্গাপুরে শিল্প করিডরের জন্য বিশেষ ঘোষণা। পশ্চিমবঙ্গে গত ১৫ বছরে যে ৬ হাজার ৮৮৮ টা শিল্প চলে গিয়েছে, এক কথায় শিল্পে শ্মশান হয়েছে। শিল্প ছাড়া কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধি হতে পারে না। সেই জায়গায় একটি নতুন দিশা আজকের বাজেটে দেওয়া হয়েছে।”
