Site icon প্রিয় বন্ধু মিডিয়া

হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা! প্রশ্নফাঁস আবহে বর্ধমান মেডিক্যাল কলেজের নজিরবিহীন নির্দেশিকায় তোলপাড়!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দেশজুড়ে চলমান প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের আঁচ এসে পড়েছে রাজ্যের চিকিৎসাকেন্দ্রেও। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এক অত্যন্ত কড়া ও নজিরবিহীন পদক্ষেপ নিল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বর বা কলেজ ক্যাম্পাসে যেকোনো ধরনের প্রতিবাদ, মিছিল কিংবা জমায়েত রুখতে জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই নির্দেশিকা অমান্য করলে আন্দোলনকারীদের বিরুদ্ধে উপযুক্ত বিভাগীয় তদন্ত সহ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

রোগী পরিষেবা স্বাভাবিক রাখতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হাসপাতালের প্রিন্সিপালের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা কলেজ ক্যাম্পাস, মূল হাসপাতাল, টারশিয়ারি ক্যানসার কেয়ার সেন্টার (TCCC), অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল এবং হস্টেল চত্বরে নিম্নলিখিত বিষয়গুলি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যেকোনো ধরনের ধর্না, অবস্থান বিক্ষোভ বা স্লোগান দেওয়া। ক্যাম্পাসের ভেতরে কোনো র‍্যালি, মিছিল কিংবা জমায়েত করা। দেওয়ালে ব্যানার-পোস্টার লাগানো কিংবা প্ল্যাকার্ড প্রদর্শন করা।

হাসপাতাল কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য, দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষের রোগী পরিষেবায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। চিকিৎসা পরিষেবা ও পঠনপাঠন প্রক্রিয়াকে সম্পূর্ণ নিরবচ্ছিন্ন রাখতেই এই কড়া প্রশাসনিক অবস্থান নেওয়া হয়েছে।

তবে দেশব্যাপী চলা ছাত্র ও যুব আন্দোলনের আবহে সরকারি হাসপাতালের এই ‘নো-প্রোটেস্ট’ জোন ঘোষণার সিদ্ধান্তটি একদিকে যেমন রোগী ও সাধারণ মানুষের স্বস্তি বাড়াতে পারে, ঠিক তেমনই ছাত্র ও চিকিৎসক সংগঠনগুলির গণতান্ত্রিক অধিকার খর্ব করার বিতর্ককেও উস্কে দিয়েছে।

Exit mobile version