Site icon প্রিয় বন্ধু মিডিয়া

হাইকোর্টেও ‘নো এন্ট্রি’! রক্ষাকবচ খারিজ, ৫ মামলায় আরও কোণঠাসা অভিষেকের ছায়াসঙ্গী সুমিত রায়!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আইনি রক্ষাকবচের ঢাল ব্যবহার করে তদন্তের জাল এড়ানোর শেষ চেষ্টাটুকুও বিফলে গেল। কলকাতা হাইকোর্টের কড়া মনোভাবে বড়সড় ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক (PA) সুমিত রায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শালবনি, ডেবরা এবং ডায়মন্ড হারবার-সহ মোট ৫টি ফৌজদারি মামলায় তদন্ত স্থগিত বা অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন খারিজ হয়ে গেছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, বিগত জমানায় ক্ষমতার অলিন্দে বসে যে প্রভাব খাটানোর অভিযোগ বারবার উঠেছিল, আজ আইনের কড়া শাসনে সেই দুর্গেরই পতন দেখছে বাংলা।

এদিন সুমিত রায়ের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। তাঁর মূল যুক্তি ছিল, যে অভিযোগগুলিতে সুমিত রায়কে গ্রেফতার করা হয়েছে, সেগুলির কোনোটি ১০ বছর, কোনোটি ৮ বছর, আবার কোনোটি ৬ বছর আগের পুরনো ঘটনা। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই একের পর এক মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ (হেফাজতে থাকাকালীন অন্য মামলায় গ্রেফতার) দেখানো হচ্ছে।
কিন্তু আইনের চোখে যুক্তির চেয়ে তথ্যের জোর যে অনেক বেশি, তা এদিন স্পষ্ট করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত সাফ জানিয়ে দেয়, আবেদনকারী যেহেতু ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, তাই এই পর্যায়ে তাঁকে কোনো অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়ার যৌক্তিকতা নেই। ফৌজদারি মামলায় যেখানে নিম্ন আদালতে জামিনের আবেদনের মতো আইনি পথ খোলা রয়েছে, সেখানে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে তদন্তে স্থগিতাদেশ চাওয়া উচিত নয়। দু’পক্ষকে বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত, যার পর মূল মামলার শুনানি হবে।

তদন্তকারী সংস্থা সিআইডি (CID) এবং পুলিশ সূত্রে যে তথ্য সামনে এসেছে, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। গত সেপ্টেম্বর মাসে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার একটি সরকারি জমি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অতি-বিশ্বস্ত ছায়াসঙ্গী। এরপর তদন্ত যত এগিয়েছে, ততই বেরিয়ে এসেছে কেঁচো খুঁড়তে কেউটে। বিশেষ করে ডায়মন্ড হারবারের সরিষার আশুতির একটি দলীয় কার্যালয় থেকে প্রায় ১ কোটি ২ লক্ষ টাকা নগদ উদ্ধারের ঘটনা এবং ডেবরা থানার মামলায় তাঁর নাম জড়ানোয় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যিনি দীর্ঘ বছর ধরে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সমস্ত প্রশাসনিক ও সাংগঠনিক কাজকর্মের অঘোষিত নিয়ন্ত্রক ছিলেন, তাঁর বিরুদ্ধে সরকারি জমি হাতিয়ে নেওয়া থেকে শুরু করে কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই আঙুল উঠছে শীর্ষ নেতৃত্বের দিকেও।

শুনানিতে সুমিত রায়ের আইনজীবী মামলাগুলিকে ৬, ৮ বা ১০ বছর আগের বলে দাবি করলেও, আইনজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এই যুক্তিকে কার্যত উড়িয়ে দিচ্ছেন। তাঁদের মতে, “অপরাধ ৬ বছর আগের হোক বা ১০ বছর আগের, ক্ষমতার দাপটে যদি সেই সময় তা ধামাচাপা দিয়ে রাখা হয়ে থাকে, তবে পরিবর্তিত পরিস্থিতিতে আইনের হাত তার নাগাল পাবেই। সময় গড়িয়ে গেলেই কোনো আর্থিক দুর্নীতি বা জমি লুটের অভিযোগ তামাদি হয়ে যায় না।” আদালতের আজকের এই নির্দেশের পর স্পষ্ট হয়ে গেল, আপাতত জেলের চার দেওয়ালের বাইরে আসার কোনো শর্টকাট রাস্তা খোলা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের সামনে। সাধারণ অভিযুক্তদের মতোই এবার নিম্ন আদালতে গিয়ে আইনি লড়াই করে জামিনের আবেদন করতে হবে তাঁকে। একসময় যাঁর অঙ্গুলিহেলনে প্রশাসনের একাংশ চলত বলে অভিযোগ উঠত, আজ আদালতের দরজায় তাঁর এই অসহায় আত্মসমর্পণ রাজ্য রাজনীতিতে এক বড়সড় বার্তা দিয়ে গেল।

Exit mobile version