Site icon প্রিয় বন্ধু মিডিয়া

‘গতকালকের তাণ্ডব দেখার পর আর নয়!’ কালীঘাট তৃণমূলের আর্জি খারিজ করে বেনজির পর্যবেক্ষণ হাইকোর্টের!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কলকাতা পুলিশের লালবাজারের পক্ষ থেকে মিছিলের অনুমতি বাতিলের পর আইনি সুরাহা পেতে শনিবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ‘কালীঘাট তৃণমূল’। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে বড়সড় ধাক্কা খেল সংগঠনটি। পদ্মপুকুর থেকে মৌলালি মোড় পর্যন্ত প্রস্তাবিত নিট (NEET) দুর্নীতি বিরোধী প্রতিবাদ মিছিলের অনুমতি দিতে পরিষ্কার অস্বীকৃতি জানায় আদালত। জরুরি ভিত্তিতে হওয়া এই মামলার শুনানিতে তীব্র অনীহা প্রকাশ করে আবেদনটি পুরোপুরি খারিজ করে দেওয়া হয়।

আদালতের রায় দেওয়ার সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দেন। তিনি স্পষ্ট জানান, “গতকালকের ছাত্র আন্দোলনের মিছিল ও সেখানে হওয়া অশান্তি দেখার পরে আজকে এই ধরনের মিছিলের অনুমতি কোনোভাবেই দেওয়া যায় না”। মূলত শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে নতুন করে হাতের বাইরে না চলে যায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেই বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই আদালত এই কঠোর অবস্থান নিয়েছে বলে আইন বিশেষজ্ঞ মহলের ধারণা।কলকাতা পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয়, আগের দিন শহরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে চরম বেগ পেতে হয়েছিল এবং পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। এই উত্তপ্ত আবহের মধ্যে পুনরায় অন্য একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে রাস্তায় মিছিলের অনুমতি দিলে তা শহরের শান্তি বিঘ্নিত করতে পারে বলে রাজ্য প্রশাসনের পক্ষে আদালতে সওয়াল করা হয়।

কলকাতা হাইকোর্ট সেই যুক্তিকে মান্যতা দিয়ে পুলিশের নিষেধাজ্ঞার ওপর কোনো রকম স্থগিতাদেশ দেয়নি। আদালতের এই কড়া নির্দেশের পরই পদ্মপুকুর মোড়ে জমায়েত হওয়া আন্দোলনকারীদের হঠাতে সক্রিয় হয়ে ওঠে পুলিশ প্রশাসন।

Exit mobile version