প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-উৎসবের মরশুমে আইনি জালে জড়িয়ে চরম বিপাকে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। প্রায় ১৫ লক্ষ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের হওয়া একটি ফৌজদারি মামলায় বুধবার (১৪ অক্টোবর ২০২৬) কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন তিনি। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ অভিনেতার করা আগাম জামিনের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। ফলে শারদোৎসবের আবহেই সোহমের গ্রেফতার হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
মামলার বিবরণ অনুযায়ী, এই আইনি জটিলতার সূত্রপাত ২০১৮ সালে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার অন্তর্গত মঙ্গলপুর এলাকার বাসিন্দা তথা চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, ‘তৃণা ফিল্মস’ নামক একটি প্রযোজনা সংস্থার হয়ে কমার্শিয়াল ছবিতে অভিনয় করার কথা ছিল সোহমের। সেই চুক্তি অনুযায়ী, বাগুইআটির একটি বেসরকারি ব্যাংকের চেকের মাধ্যমে সোহমকে অগ্রিম ১৫ লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছিল। অভিযোগ, মোটা অঙ্কের অগ্রিম টাকা পকেটে পুরলেও চুক্তি অনুযায়ী সেই ছবিতে অভিনয় করেননি সোহম। পরবর্তীতে প্রযোজক ও ব্যবসায়ী তরুণ দাস ছবিটির কাজ শুরু করার জন্য অভিনেতাকে একাধিকবার অনুরোধ করলেও তিনি কোনো সাড়া দেননি এবং ওই বিপুল পরিমাণ টাকাও ফেরত দিতে অস্বীকার করেন।
দীর্ঘদিন টাকা ফেরত না পেয়ে অবশেষে চলতি বছরের মে মাসে বালুরঘাট থানায় অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের (Criminal Breach of Trust) নির্দিষ্ট ধারায় এফআইআর (FIR) দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী। পুলিশি গ্রেফতারি এড়াতে জেলা আদালতের পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অভিনেতা। তবে বুধবার বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মামলার শুনানির সময় সমস্ত নথিপত্র ও সওয়াল-জবাব খতিয়ে দেখে আদালত সোহমের আবেদনটি পুরোপুরি নাকচ করে দেয়। হাইকোর্ট জামিন খারিজ করে দেওয়ায় তদন্তের স্বার্থে এবার বালুরঘাট থানার পুলিশ অভিনেতাকে হেফাজতে নিতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
