প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বারুইপুর আদালত চত্বরে প্রখ্যাত আইনজীবী তথা তরুণ বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপর প্রকাশ্য ‘ডিম হামলা’ ও হেনস্থার ঘটনায় এবার নজিরবিহীন কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং নিম্ন আদালতের পবিত্রতা রক্ষার স্বার্থে আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) স্বতঃপ্রণোদিত (Suo Motu) জনস্বার্থ মামলা দায়ের করল উচ্চ আদালত।কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ এদিন এই ঘটনার প্রেক্ষিতে তীব্র ক্ষোভ উগরে দিয়ে স্পষ্ট জানান, বিচারবিভাগীয় চত্বরে কোনো ধরনের গুন্ডামি বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।’
গত বুধবারই বারুইপুর পুলিশ জেলার সুপার (SP) এবং জেলা বিচারকের (District Judge) কাছ থেকে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছিল উচ্চ আদালত। আজ শুক্রবার সেই পুলিশ সুপারের প্রাথমিক রিপোর্ট আদালতে পেশ হওয়ার পরেই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সরাসরি স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুনানিপর্বে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে অত্যন্ত কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন, “আজকে এক জন আইনজীবীকে আক্রমণ করা হয়েছে। কালকে এ, বি, C-কেও আক্রমণ করা হবে। এই ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।” আদালতের পবিত্রতা ও আইনজীবীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অবিলম্বে মামলা রুজু করার নির্দেশ দিয়েছে বেঞ্চ। এই মামলায় আদালতকে নিরপেক্ষ মূল্যায়নে সাহায্য করার জন্য সিনিয়র আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায়কে ‘আদালত বান্ধব’ (Amicus Curiae) হিসেবে নিযুক্ত করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটেছিল ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে। সেখানে বাম ছাত্র সংগঠন SFI এবং বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন ABVP-র মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সেই ঘটনায় ধৃত চারজন SFI সমর্থকের জামিনের সওয়াল করতে গত মঙ্গলবার বারুইপুর আদালতে গিয়েছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।আদালত ধৃত ছাত্রদের জামিন মঞ্জুর করার পরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। সায়নের অভিযোগ, আদালত চত্বর থেকে বেরোনোর সময় সেখানে উপস্থিত বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন এবং আচমকা তাঁর গায়ের কালো কোট লক্ষ্য করে এলোপাথাড়ি ডিম ছোড়া হয়। পুলিশের সামনেই এই প্রকাশ্য হেনস্থার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়ায় আইনজীবী মহলে, যার জেরে বুধবার বারুইপুর আদালতের মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভও দেখান আইনজীবীরা। হাইকোর্ট সায়নের প্রধান আইনি প্রতিনিধি সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সমগ্র ঘটনার বিবরণ চেয়ে হলফনামা তলব করেছে। আগামী ৭ অক্টোবর ২০২৬ এই মেগা মামলার পরবর্তী শুনানি গ্রহণ করা হবে।
