প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার তদন্তের গতি বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। গতকাল, ২৫ অগাস্ট ২০২৬ (মঙ্গলবার), পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্রে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর কলকাতার সদর দফতর নিজাম প্যালেসে তলব করা হয়েছিল দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে। সেখানে কেন্দ্রীয় গোয়েন্দাদের একাধিক প্রশ্নের মুখোমুখি হন তিনি।
পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সিবিআই ও ইডি-র যৌথ তদন্তের পরিপেক্ষিতে আইনি পদক্ষেপের মুখোমুখি হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রভাবশালী নেতা সুজিত বসু। সুজিত বসুর ঘনিষ্ঠ সহযোগী তথা দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত স্বভাবতই তদন্তকারীদের নজরে ছিলেন। এর আগে এই মামলার সূত্র ধরে কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাসভবন ও অফিসেও কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি অভিযান চালিয়েছিল। এবার সরাসরি দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে নিতাই দত্তকে নিজাম প্যালেসে বসিয়ে জেরা করল সিবিআই।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভায় বিগত বছরগুলিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো অবৈধ সুপারিশ বা আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেই বিষয়েই মূলত নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওএমআর শিট (OMR Sheet) জালিয়াতি এবং অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার যে অভিযোগ উঠেছে, তার সাথে পুরসভার তৎকালীন কর্তাদের কোনো যোগ ছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। গতকালের জেরায় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে এবং সিবিআই আধিকারিকরা তাঁর দেওয়া তথ্যের সত্যতা যাচাই করছেন।
