Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ঘুষ নিলেই সরাসরি অ্যাকশন! নিজাম প্যালেসে CBI-এর নজিরবিহীন পোস্টার ঘিরে ব্যাপক শোরগোল!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কেন্দ্রীয় সরকারি দফতরগুলিতে দুর্নীতি ও ঘুষের রমরমা রুখতে এবার কোমর বেঁধে ময়দানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। ডাকঘর, রেলওয়ে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান—যে কোনো কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যদি কেউ ঘুষ বা তোলা দাবি করেন, তবে সরাসরি সিবিআই-কে জানানোর আবেদন করা হয়েছে। এই মর্মে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই (পূর্বাঞ্চলীয় শাখা) দুর্নীতি দমন শাখার অফিসের বাইরে ও বিভিন্ন দেওয়ালে বড় বড় পোস্টার সাঁটিয়ে এক নজিরবিহীন প্রচার অভিযান শুরু করল সংস্থা।

কলকাতার নিজাম প্যালেস ভবনে সিবিআইয়ের অ্যান্টি-করাপশন উইংয়ের অফিস থাকার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি দফতরও রয়েছে। সাধারণ মানুষকে সচেতন করতে এবং দুর্নীতিগ্রস্ত কর্মীদের চিহ্নিত করতে লাগানো এই পোস্টারগুলিতে পরিষ্কার ভাষায় বার্তা দেওয়া হয়েছে। কোনো কেন্দ্রীয় সরকারি কর্মী বা আধিকারিক কাজের বিনিময়ে বেআইনি অর্থ দাবি করলে, ভয় না পেয়ে কীভাবে সরাসরি গোয়েন্দাদের সাথে যোগাযোগ করা যাবে, তার সম্পূর্ণ নির্দেশিকা ও ঠিকানা দেওয়া রয়েছে এই পোস্টারগুলিতে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষ যাতে রেল, ডাকঘর বা কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে কোনো রকম হেনস্থার শিকার না হন এবং কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়েন, তা নিশ্চিত করাই এই প্রচারের মূল লক্ষ্য। অনেক সময় সাধারণ নাগরিকরা বুঝতে পারেন না যে দুর্নীতি বা ঘুষের বিরুদ্ধে কোথায় এবং কীভাবে অভিযোগ জানাতে হবে। সেই বিভ্রান্তি দূর করতেই খোদ নিজাম প্যালেসের প্রবেশদ্বার ও সংলগ্ন এলাকায় এই সচেতনতামূলক পোস্টার দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থার এই প্রকাশ্য ও আচমকা কড়া পদক্ষেপে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সরকারি দফতরগুলির অন্দরে।

Exit mobile version