প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আজ এক বড়সড় মোড় এল। দীর্ঘ টালবাহানার পর অবশেষে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি (ED) দপ্তরে হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। ভোটের পর মন্ত্রীর এই হাজিরা ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযোগ, কয়েক বছর আগে দক্ষিণ দমদম পৌরসভা-সহ রাজ্যের একাধিক পুরসভায় কর্মী নিয়োগের ক্ষেত্রে বড়সড় অনিয়ম হয়েছে। সুজিত বসু ওই পুরসভার গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন এই নিয়োগ প্রক্রিয়া চলেছিল। সেই সংক্রান্ত বিষয়ে তথ্য জানতেই তাকে আজ তলব করা হয়।
এর আগে এপ্রিল মাসে কয়েকবার হাজিরা এড়িয়েছিলেন মন্ত্রী। তিনি জানিয়েছিলেন, সামনে বিধানসভা নির্বাচন থাকায় তিনি প্রচারে ব্যস্ত। কলকাতা হাইকোর্ট তাকে নির্বাচনী প্রচারের জন্য সাময়িক স্বস্তি দিলেও পরিষ্কার জানিয়েছিল যে, তদন্তের প্রয়োজনে তাকে হাজিরা দিতেই হবে। আদালতের নির্দেশ মেনেই আজ সাড়ে দশটা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছান। এর আগে তার ছেলেকেও নথিপত্র দিয়ে পাঠিয়েছিলেন তিনি, কিন্তু তদন্তকারীরা মন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে চেয়েছিলেন।
তৃণমূল কংগ্রেসের দাবি, ২০২৬ সালের বিধানসভা ভোটের সময় সুজিত বসুর মত জনপ্রিয় নেতাকে হেনস্থা করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি। অন্যদিকে, বিজেপি ও বিরোধীদের বক্তব্য, আদালতের নজরদারিতে এই তদন্ত চলছে এবং দুর্নীতির সত্য সামনে আসা প্রয়োজন।
