Site icon প্রিয় বন্ধু মিডিয়া

চলতি মাসেই ফের বাংলায় অমিত শাহ! জেনে নিন দিনক্ষণ!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
কেউ যদি কোনো কাজে সফলতা পেতে চায়, তাহলে তার আন্তরিকতা এবং আগ্রহ দেখেই স্পষ্ট হয়ে যায় যে, সে কতটা সেই কাজে সফলতা পেতে চাইছে। এই যেমন কেন্দ্রীয় বিজেপি। ২০২১ সালে কেন্দ্রীয় বিজেপি চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করার। কিন্তু ২০২৬ এর আগে তাদের যে মনোভাব লক্ষ্য করা যাচ্ছে, ২০২১ এর আগে সেই রকম মনোভাব লক্ষ্য করা যেত না বলেই অনেকে মনে করেন। এবার তারা যেভাবে ঘনঘন বাংলায় আসছেন এবং যেভাবে তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন এবং দফায় দফায় বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন, তাতেই স্পষ্ট যে, বাংলা নিয়ে তারা কতটা আগ্রহী। কিছুদিন আগেই বঙ্গ সফর করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর আবারও সেই বাংলায় আসতে চলেছেন তিনি।

আগামীকাল এসআইআরের শুনানি প্রক্রিয়া শেষ হবে। তারপর চূড়ান্ত ভোটার তালিকা চলতি মাসের শেষেই প্রকাশিত হবে। আর তারপর যে কোনো সময় যে পশ্চিমবঙ্গের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। বিজেপি এবার আর ঢিলেঢালা মনোভাব নিয়ে কাজ করতে রাজি নয়। পশ্চিমবঙ্গের সংগঠনকে বুঝতে একাধিকবার ইতিমধ্যেই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী নিজেও রাজ্যে এসে একাধিক সভা করেছেন। এমনকি বিজেপির সর্বভারতীয় সভাপতি দায়িত্ব পাওয়ার পর প্রথম তার সফর বাংলা দিয়েই শুরু করেছিলেন নীতিন নবীন। ফলে এই সমস্ত দিক থেকেই স্পষ্ট যে, বিজেপি এই বাংলায় জয় কে নিয়ে ঠিক কতটা আগ্রহী। আর সেই আগ্রহকে মাথায় রেখেই ফের আগামী ১৮ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, আগামী ১৮ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার। মূলত, এবারেও তিনি দলীয় কর্মীদের উজ্জীবিত করতে এবং সংগঠনকে চাঙ্গা করতে একাধিক কর্মসূচিতে যোগ দিতে পারেন। তবে এর আগে তিনি যখন এসেছিলেন, তখন সবথেকে বেশি সংগঠনকে শক্তিশালী করতে ঘরোয়া বৈঠক করেছিলেন। পরবর্তীতে রাজ্যে এসে প্রকাশ্য সভাতেও যুক্ত হয়েছিলেন। এবার সেরকম কোনো কর্মসূচি করবেন কিনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেদিকেও নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের।

Exit mobile version